Asian Games 2023: এশিয়াডের দলে থাকবেন সুনীল-গুরপ্রীতরাও, কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় ফেডারেশন
সরকারি অনুমোদন পেলে এশিয়ান গেমসে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন দল পাঠাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর বিষয়ে অনুমোদন দেয়নি ক্রীড়ামন্ত্রক। কিন্তু সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেলে অনূর্ধ্ব ২৩ দলের সঙ্গে যেতে পারেন সুনীল-গুরপ্রীতদের মতো কয়েকজন সিনিয়ার ফুটবলারও, এমনই খবর এআইএফএফ সূত্রে।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নিয়ম অনুসারে, মহাদেশেরে সেরা ৮ দলের মধ্যে থাকলে তবেই এশিয়ান গেমসে দল পাঠানো যাবে। কিন্তু ভারতীয় ফুটবল দল এখনও এশিয়ার সেরা আট দলের মধ্যে নেই। ফলে এই নিয়মেই আটকে আটকে আছে ভারতীয় ফুটবল দলের এশিয়াডে খেলার স্বপ্ন।কিন্তু ফেডারেশন কর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকারের অনুমোদন আদায়ে।

এআইএফএফ-এর এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভারতের বর্তমান ফুটবল দলে সাত জন অনূর্ধ্ব-২৩ ফুটবলার রয়েছেন। বয়স বেশি এমন তিন জন ফুটবলারকে এশিয়ান গেমসে পাঠানো যাবে। সরকার সবুজ সংকেত দিলে অধিনায়ক সুনীল ছেত্রী, গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু ও ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘানকে পাঠানো এশিয়াডে দলে রাখা হবে।
২০০২ সাল থেকে এশিয়ান গেমসে নিয়ম হয়েছে, অনূর্ধ্ব ২৩ ফুটবল দল খেলাতে হবে। যদিও সিনিয়র দল থেকে তিনজন ফুটবালর রাখা যাবে। ভারতীয় ফুটবল দল তারুণ্যে ভরা। ফলে দল বাছাইয়ের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। তার উপর এশিয়াডের মতো মঞ্চে খেললে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বেশি প্রচার পাবে ভারতীয় ফুটবল দল।
ভারতীয় ফুটবল সংস্থা পরিকল্পনা করেছিল, আসন্ন এশিয়ান গেমসে দল পাঠানো হবে। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এশিয়ান গেমস। তার আগে থাইল্যান্ডে কিংস কাপে খেলবে ভারতীয় দল (৭-১০ সেপ্টেম্বর)।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই ৫০ জন অনূর্ধ্ব-২৩ ফুটবলারের একটি তালিকা তৈরি করে সংশ্লিষ্ট ক্লাবগুলিকে পাঠিয়েছে। কারণ, এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ও তাইল্যান্ডে কিংস কাপের জন্য অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের আরও একটি দল তৈরি রাখতে চাইছে তারা।
চলতি বছরে এখনও পর্যন্ত তিনটি ট্রফি জিতেছে ভারত। মার্চে ত্রিদেশীয় কাপের পর জুন মাসে আন্তঃমহাদেশীয় কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এমনকি চলতি মাসে সাফ কাপও ঘরে তুলেছে ইগর স্টিমাচের দল। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী ২টি প্রতিযোগিতাতেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।

এশিয়ান গেমসে দলকে খেলানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে আবেদন করেছেন হেডকোচ ইগর স্টিমাচ।












Click it and Unblock the Notifications