Asian Cup: এশিয়ান কাপ থেকে জাপানকে ছিটকে দিল ইরান! শেষ চারে পৌঁছে গেল কোন দেশগুলি?
Asian Cup: এশিয়ান কাপে এবার ফেভারিট মনে করা হচ্ছিল জাপানকে। সেই জাপানেরই ছুটি করে দিল ইরান। পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ইরান পৌঁছে গেল সেমিফাইনালে।
ফাইনালে ওঠার লড়াইয়ে ইরান খেলবে আয়োজক কাতারের বিরুদ্ধে। অপর সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া খেলবে জর্ডনের বিরুদ্ধে।
ইরান তিনবার এশিয়ান কাপ জিতেছে। তবে শেষবার খেতাব জিতেছে ১৯৭৬ সালে। এবার ট্রফির অনেকটাই কাছাকাছি পৌঁছে গেল ইরান। তবে সেমিফাইনালের লড়াইটা তাদের পক্ষে মোটেই সহজ হবে না। কারণ, প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা এবারের টুর্নামেন্টের আয়োজক কাতার। ঘরের মাঠে খেলার বাড়তি সুযোগ সদ্ব্যবহার করতে চাইবে তারা।
এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বিরতিতে জাপানই এগিয়ে ছিল। প্রথমার্ধে গোল করেছিলেন জাপানের হিদেমাসা মোরিতা। দুই দলের মধ্যেই তুল্যমূল্য লড়াই চলছিল। ৫৫ মিনিটে মহম্মদ মোহেবির গোলে সমতা ফেরায় ইরান। এরপর ৯০ মিনিট অবধি কোনও দলই আর গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইম দেওয়া হয় ৪ মিনিটের। খেলা যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছে তখন ইনজুরি টাইমের শেষ লগ্নে কানানিজাদেগানকে বক্সে অবৈধভাবে ফেলে দেওয়া হলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। আলিরেজা পেনাল্টি থেকে গোল করে নাটকীয় জয় এনে দেন চারবারের এশিয়ান কাপ-জয়ীদের বিরুদ্ধে।
কার্ড সমস্যায় স্ট্রাইকার মেহদি তারেমিকে পায়নি ইরান। তারপরও এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়াল। আল বায়াত স্টেডিয়ামে অপর কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানকে টাইব্রেকারে হারিয়েছে কাতার। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল ১-১। প্রথমার্ধের মাঝামাঝি উৎকির ইউসুপভের আত্মঘাতী গোল এগিয়ে দেয় কাতারকে।
Will we see a new champion? Or an old one will lift the trophy?
Comment below #AsianCup2023 #HayyaAsia pic.twitter.com/zpNLaQVbzC
— AFC Asian Cup Qatar 2023 (@Qatar2023en) February 3, 2024
বিরতির পর উজবেকিস্তান সমতা ফেরায় অদিলজন হামরোবেকভের গোলের সৌজন্যে। অতিরিক্ত সময়েও স্কোরলাইন অপরিবর্তিত থাকে। কাতারের আলমোয়েজ আলি ও আলমাহদি আলি পেনাল্টি শ্যুটআউট থেকে গোল করতে ব্যর্থ হন। ফলে কাতারের চিন্তা বেড়েছিল। যদিও উজবেকদের জালোলিদ্দিন মাশারিপভও গোল করতে পারেননি।
পেদ্রো মিগুয়েল গোল করতেই স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সিংহভাগ উচ্ছ্বাসে ফেটে পড়েন। কাতারের গোলকিপার মেশাল বারশাম তিনটি পেনাল্টি রুখে দেন। কাতার পেনাল্টিতে জেতে ৩-২ গোলে। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে জর্ডনের সামনে দক্ষিণ কোরিয়া। বুধবার কাতার বনাম ইরান দ্বৈরথ।













Click it and Unblock the Notifications