কল্যাণ-ভাইচুং এক ফ্রেমে! পদ্মশ্রী, অর্জুন ও মেজর ধ্যানচাঁদ পুরস্কারের জন্য কাদের নাম প্রস্তাব এআইএফএফের?
কল্যাণ চৌবের কাছে এআইএফএফ নির্বাচনে ধরাশায়ী হয়েছেন ভাইচুং ভুটিয়া। নির্বাচনের আগে ও পরে নানা বিষয় নিয়ে কটাক্ষ করেছেন। নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ থেকে সচিব নিয়োগ অবৈধ উপায়ে হয়েছে বলে দাবি করেছিলেন পাহাড়ি বিছে। এআইএফএফের নতুন এগজিকিউটিভ কমিটির প্রথম বৈঠক এড়িয়ে গিয়েছিলেন। আজ বৈঠকের আগে যতটা গর্জেছিলেন, ততটা বর্ষালেনও না। ফেডারেশনের বৈঠক উপলক্ষে এক ফ্রেমে আজ কলকাতায় ধরা পড়লেন কল্যাণ ও ভাইচুং।

কলকাতায় এআইএফএফের বৈঠক
এআইএফএফের এগজিকিউটিভ সদস্যরা ছাড়াও এদিনের বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, গুজরাতফুটবল সংস্থার সচিব মূলরাজ সিং চুদাসামা, কর্নাটক ফুটবল সংস্থার সচিব সত্য নারায়ণ এবং এফএসডিএলের দুই আধিকারিক। বৈঠকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানান, ভারত সরকার ফুটবলকে জনপ্রিয় করতে বড় আকারে সহযোগিতা করতে চলেছে। দেশের ৩০টি শহরে অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবলের ইভেন্ট আয়োজন করা হবে। সেখানে ফুটবল সম্পর্কে নানাবিধ বিষয়ে তাদের অবহিত করা হবে। এতে ফুটবলের প্রতি আকর্ষণ বাড়বে বলে আশাবাদী কল্যাণ।

মোদী-ইনফান্তিনো সাক্ষাৎ
একইসঙ্গে কল্যাণ জানান, কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে স্থির হয়েছে তারাও ভারতের ফুটবলের বিকাশে নানা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কাতার ফুটবল সংস্থার কর্তাদের সঙ্গে ইতিবাচক আলোচনাও হয়েছে। কর্মসমিতির সদস্যদের উদ্দেশে জানানো হয়, অক্টোবরের শেষে এ দেশে আসবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি ভারতের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ উপলক্ষে ভারতে আসছেন ফিফা প্রেসিডেন্ট।

সম্ভাব্য পুরস্কার প্রাপকরা
পদ্মশ্রী পুরস্কারের জন্য অরুণ ঘোষ, সাব্বির আলি ও আইএম বিজয়নের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। মনোরঞ্জন ভট্টাচার্যের নাম প্রস্তাব করা হবে মেজর ধ্যানচাঁদ পুরস্কারের জন্য। অর্জুন পুরস্কারের জন্য জেজে লালপেখলুয়ার নাম প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফেডারেশনের বৈঠকে। এআইএফএফ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও চালু করবে।

মেয়াদ বাড়ল স্টিমাচের
এআইএফএফের টেকনিক্যাল কমিটির সুপারিশকে মান্যতা দিয়ে ভারতের হেড কোচ পদে ইগর স্টিমাচকে এএফসি এশিয়ান কাপ অবধি রাখার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, ভারত যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে তাহলে হেড কোচের মেয়াদ আরও বাড়ানো হবে। বয়সভিত্তিক খেলায় সর্বত্র ভারতীয় কোচ রাখা, ইন্ডিয়ান অ্যারোজ দল তুলে দেওয়া এবং এলিট ইউথ লিগ চালুর সুপারিশগুলিকেও মেনে নিয়েছে ফেডারেশন। ভারতের মহিলা ফুটবল দলের কথা ভেবে আরও বেশি সংখ্যক মহিলা কোচ নিয়োগের সুপারশিও মানা হয়েছে। জোর দেওয়া হবে দেশব্যাপী ফুটবল প্রতিভা তুলে আনার প্রক্রিয়াতেও। নভেম্বরে সাফ অনূর্ধ্ব ১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ স্থগিত রাখতে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনকে অনুরোধ জানাবে এআইএফএফ।

একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন প্রস্তাব দেন প্রাতিষ্ঠানিক লিগ চালুর ব্যাপারে। ভারতীয় ফুটবলের প্রতি অবদান রেখে আসা বিভিন্ন প্রতিষ্ঠানকে চাঙ্গা করতেই এই উদ্যোগ, যাকে সাধুবাদ জানান কমিটির সদস্যরা। টেকনিক্যাল ডিরেক্টর পদে বসার বয়সের সীমা ৫০ থেকে বাড়িয়ে ৫৫ করা হয়েছে, এ ব্যাপারে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ৩৪টি ফুটবল সংস্থা বিভিন্ন রাজ্যের জন্য নানাবিধ প্রস্তাব দিয়েছে। প্রতিটি রাজ্য থেকে বিখ্যাত ফুটবলারের নাম জানাতে বলা হয়েছে, তিনি সংশ্লিষ্ট রাজ্য ফুটবল সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন। কলকাতায় ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্সের কাজকর্ম কীভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হয় সে বিষয়ে রিপোর্ট দিতে ফেডারেশনের সহ সভাপতি এনএ হ্যারিসের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গড়া হয়েছে।
(ছবি- এআইএফএফ)












Click it and Unblock the Notifications