Arsene Wenger: ভারতে ফিফার অ্যাকাডেমি, যুব প্রতিভা তুলে আনতে দায়িত্বে আর্সেনালের প্রাক্তন কোচ
ভারত সফরে আসবেন আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গার।ফিফা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে তৈরি হওয়া ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন করতে ভারতে আসছেন কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের প্রাক্তন কোচ এখন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলোপমেন্টের প্রধান। ভারতীয় ফুটবলেও তৃণমূল স্তরে ভূমিকা নিতে দেখা যাবে তাঁকে।
শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে এবং সচিব শাজি প্রভাকরণ ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গার বৈঠকে বসেন। সেই বৈঠকে ছিলেন, ফিফার টেকনিক্যাল ডিরেক্টর স্টিভ মার্টিন এবং ফিফার হাই-পারফর্ম্যান্স প্রোগ্রামের প্রধান উলফ স্কট, এবং ফিফার অন্য প্রতিনিধিররা। এই বৈঠকে ভারতীয় ফুটবলের রোডম্যাপ এবং যুব ফুটবলের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন," আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি ভারতে একটি বিশ্বমানের অ্যাকাডেমি হতে চলেছে।ফিফার সঙ্গে যৌথ ভাবে স্টেট-অফ-দ্য-আর্ট সেন্ট্রালাইজড অ্যাকাডেমি আনতে চলেছে। যেখানে আর্সেন ওয়েঙ্গার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। ভারতে ভবিষ্যতের তারকা তুলে আনার জন্য তাঁর অভিজ্ঞতা সাহায্য করবে।"
এরআগে ফেডারেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 'কল্যাণ চৌবে ভারতে যুব উন্নয়ন প্রকল্পের বিষয়ে ফিফা এবং এএফসির-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন এবং ভারতে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে আলোচনা করেছেন।'
নতুন রোড ম্যাপের মাধ্যমে স্বাধীনতার শতবর্ষে এশিয়ান ফুটবলের সেরা শক্তি হয়ে ওঠাই লক্ষ্য। সেই কথা মাথায় রেখেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন 'ভিশন ২০৪৭' প্রকল্প নিয়েছে। ফিফা এবং এএফসির থেকেও সহযোগিতা নেবে ভারত। দেশের মাটিতে ফিফা এবং এএফসির বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনও লক্ষ্য ভারতের।

আগামী সেপ্টেম্বর মাসে একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করবেন আর্সেন ওয়েঙ্গার। সেখানেই ফেডারেশনের পক্ষ থেকে তাঁর আগমনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। ক্ষমতায় আসার পর থেকেই যুব ফুটবলের উন্নয়নে বিশেষ জোর দিয়েছেন কল্যাণ চৌবে।












Click it and Unblock the Notifications