Armando Sadiku Joins MBSG: ইউরোর গোলদাতাকে নিল মোহনবাগান সুপার জায়ান্ট, ফ্যানের সঙ্গেই সুখের সংসার সাদিকুর
Armando Sadiku Joins MBSG: মোহনবাগান সুপার জায়ান্ট আরও একটি চমক দিল। এবার সই করাল আলবেনিয়ার আরমান্দো সাদিকুকে। যিনি ২০১৬ সালের ইউরো কাপে রোমানিয়ার বিরুদ্ধে গোল করে দলকে জিতিয়েছিলেন।
আলবেনিয়ার হয়ে ২০১২ সাল থেকে খেলেন সাদিকু। ২০২০ সাল পর্যন্ত তিনি ৩৮টি ম্যাচে ১২টি গোল করেছেন দেশের হয়ে। ক্লাব ফুটবলে ৪০০টি ম্যাচে ১৬২টি গোলের মালিক সাদিকু। স্প্যানিশ ক্লাব কাতারহেনা ছেড়ে তিনি আসছেন কলকাতায়।

সাদিকুর সঙ্গে ২ বছরের চুক্তি করেছে সবুজ মেরুন। বক্সের ভিতর ও বাইরে যে কোনও জায়গা থেকে গোল করতে পারদর্শী তিনি। স্প্যানিশ ফুটবলের পরিচিত নাম। এফসি কাতারহেনার আগে লাভান্তে, মালাগাতেও খেলেছেন। স্পেন ছাড়াও সাদিকু খেলেছেন পোল্যান্ড, বলিভিয়া, তুরস্কের নানা ক্লাবে। নিশ্চিতভাবেই তিনি আসায় হুয়ান ফেরান্দোর দলের আক্রমণভাগ শক্তিশালী হলো।
সাদিকু এখনও আলবেনিয়ার জাতীয় দলের অপরিহার্য ফরওয়ার্ড। মোহনবাগান সুপার জায়ান্টকে দেওয়া সাক্ষাৎকারে সাদিকু জানিয়েছেন, স্পেনে ভারতীয় ফুটবল সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়েছে। স্পেন থেকে যাঁরা এ দেশে খেলেছেন, তাঁরা দেশে ফিরে ভারতের লিগ সম্পর্কে ইতিবাচক মতামত জানিয়েছেন। সাদিকু জানান, সবুজ মেরুনের প্রস্তাব পেয়ে তিনি এ দেশের লিগ সম্পর্কে খোঁজ নেন।

প্রস্তাব পাওয়ার সপ্তাহখানেকের মধ্যেই মোহনবাগান সুপার জায়ান্টকে সাদিকু জানান, তিনি ভারতে খেলার বিষয়ে রাজি। সাদিকুর কথায়, ভারতীয় ফুটবলে শতাব্দীপ্রাচীন মোহনবাগানের ঐতিহ্য ও গর্বের ইতিহাস আছে। ১৩৩ বছরের ক্লাবের জার্সি গায়ে খেলব, এটা ভেবেই আমি গর্বিত ও আনন্দিত। সতীর্থদের নিয়ে আইএসএল খেতাব ধরে রাখতে নিজের সেরাটা দিতে চান।

আইএসএলের পাশাপাশি অন্যান্য টুর্নামেন্টগুলিতেও সবুজ মেরুনকে সাফল্য এনে দেওয়ার বিষয়ে প্রত্যয়ী সাদিকু। তাঁর বাগদান হয়েছে এলোনার সঙ্গে। তিনি কসোভো আলবেনিয়ান দন্ত চিকিৎসক। এলোনা শুরু থেকেই সাদিকুর ফ্যান। দুজনের আলাপ হয় ফেসবুকে। তারপর ২০১৮ সালে হয় বাগদান। সাদিকু ও এলোনার পুত্রসন্তানও রয়েছে।












Click it and Unblock the Notifications