Angel Di Maria: দুর্গাপুজোর বড় চমক, আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী ডি মারিয়া সপ্তমী ও অষ্টমী কাটাবেন কলকাতায়
Angel Di Maria: আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী আরেক ফুটবলারের আগমনবার্তা। দুর্গাপুজোয় কলকাতায় ২ দিন কাটাবেন আনহেল ডি মারিয়া (Angel Di Maria)। তাঁকে নিয়ে আসছেন জনপ্রিয় স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত।
মহাষষ্ঠী ২০ অক্টোবর। মধ্যরাত পেরিয়ে সপ্তমীর সকালের আগেই দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে পদার্পণ করছেন ডি মারিয়া। সপ্তমী ও অষ্টমী শহরেই থাকছেন তিনি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা।

লিওনেল মেসির আর্জেন্তিনা যখন ২০১১ সালে কলকাতায় এসেছিল ভেনেজুয়েলার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলতে সেই দলে ছিলেন ডি মারিয়াও। এমিলিয়ানো মার্তিনেজের সাম্প্রতিক কলকাতা সফরের সময় জানা গিয়েছিল, শতদ্রু মেসিকে ফের আনবেন কলকাতায়। পুজোর সময় মেসিকে আনার পরিকল্পনা থাকলেও মনে করা হচ্ছে যেহেতু সেই সময় ইন্টার মায়ামির খেলা থাকবে সেটাই প্রতিবন্ধকতা তৈরি করেছে।

শতদ্রুর কাছে তারপর থেকেই ফুটবলপ্রেমীরা কাতর আর্জি জানাতে থাকেন যে, মেসিকে আরও একবার কলকাতায় নিয়ে আসার জন্য। গতকাল রাতে শতদ্রু একটি জনপ্রিয় হিন্দি ছবির গান 'ও মারিয়া' পোস্ট করেছেন ফেসবুকে। এরপর আজ তিনি সমর্থকদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে লেখেন, "যেটা শুনছো সেটা সেমিফাইনাল।" অর্থাৎ মেসিকে যে তিনি আনবেনই, এই ফেসবুক-বার্তায় তেমনই ইঙ্গিত মিলেছে।
পেলে, দিয়েগো মারাদোনা, দুঙ্গা, কাফু, ভালদেরামার মতো বিশ্বকাপারদের কলকাতায় নিয়ে এসেছেন শতদ্রু। কোনও দেশ বিশ্বকাপ জেতার কয়েক মাসের মধ্যেই সেই দলের তারকা মার্তিনেজের সফরের আগে পর্যন্ত কলকাতায় আসেননি। মেসির দীর্ঘদিনের সতীর্থ ডি মারিয়া বিশ্বকাপের দলে ছিলেন তা-ই নয়, ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তিনি ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্তিনার হয়ে জয়সূচক গোলটিও করেছিলেন।

এখনও অবধি কলকাতায় ডি মারিয়ার পূর্ণাঙ্গ কর্মসূচি চূড়ান্ত হয়নি। জানা যাচ্ছে, তিনি মন্ত্রী সুজিত বোসের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় যেতে পারেন। মার্তিনেজের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সাক্ষাৎ হয়নি। পুজোর সময় কলকাতায় থাকেন মহারাজ। ফলে এবার শতদ্রু তাঁর 'গুরু' সৌরভের সঙ্গে দেখা করাতে পারেন ডি মারিয়ার। কয়েকটি পুজো প্যান্ডেলে ডি মারিয়াকে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে পুলিশের অনুমতির উপর।
কাফু, মার্তিনেজদের কলকাতা পুলিশের অনুষ্ঠানেও নিয়ে গিয়েছেন শতদ্রু। ফলে এবারও কলকাতা পুলিশের তরফে ডি মারিয়াকে সংবর্ধনা দেওয়া হতে পারে। এখন এই সফরসূচি নিয়েই কথাবার্তা চলছে। কলকাতায় কাটিয়ে ডি মারিয়ার বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে। আর্জেন্তিনার অ্যাটাকিং মিডফিল্ডার ডি মারিয়া ২০০৮ সাল থেকে আর্জেন্তিনার হয়ে খেলছেন। ১৩২ ম্যাচে ২৯টি গোল করেছেন।

জুভেন্তাস থেকে ডি মারিয়া এখন বেনফিকায় গিয়েছেন। মেসির পাশাপাশি তিনি নেইমারের সঙ্গেও খেলেছেন। ২০১৫ থেকে ২০২২ অবধি ডি মারিয়া পিএসজিতে খেলেছেন। ২০০৭ থেকে ২০১০ অবধি ছিলেন বেনফিকায়, ফের সেই ক্লাবে ফিরেছেন। রিয়াল মাদ্রিদে চার বছর (২০১০ থেকে ২০১৪) ও ম্যানচেস্টার ইউনাইটেডে (২০১৪ থেকে ২০১৫) তিনি এক বছর খেলেছেন।
রিয়াল মাদ্রিদের হয়ে ২২টি, পিএসজির হয়ে ৫৬টি গোল রয়েছে ৩৫ বছরের ডি মারিয়ার। সিনিয়র কেরিয়ার শুরু রোসারিও সেন্ট্রালে (২০০৫ থেকে ২০০৭)। ২০১১ সালের পর ফের ডি মারিয়া কলকাতায় আসছেন দুর্গাপুজোয়। ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজেও তাঁকে দেখা যেতে পারে। বাঙালি সাজে ঢাক বাজানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মার্তিনেজের পর শতদ্রুর শহর রিষড়াতেও আসতে পারেন ডি মারিয়া।












Click it and Unblock the Notifications