Lionel Messi: বছর শেষে বিশেষ সম্মান রাজপুত্রকে, মেসির সঙ্গে অবসরে যাবে ১০ নম্বর জার্সিও
সচিন তেন্ডুলকরকে সম্মান জানিয়ে আগেই ১০ নম্বর জার্সিকে সিন্দুকে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এবার অবসরের পথে যেতে চলেছে আরও এক ১০ নম্বর জার্সি। ক্রিকেটের নয়, ফুটবলের। বিসিসিআইয়ের দেখানো পথেই হাঁটতে চলেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও। মারাডোনা-মেসির ১০ নম্বর জার্সিকে এবার অবসরে পাঠাতে চলেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
২০২২ সালে ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেন মেসি। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ আর মেসি জিতে নেয় প্রথম বিশ্বকাপ। তারপর থেকেই ফুটবল রাজপুত্রের অবসর নিয়ে চর্চা শুরু হয়। মেসি কবে অবসর নেবেন তা এখনও চূড়ান্ত নয়। তবে এলএমটেনের অবসরের সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় চলে যাবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিও।

আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমকে তাপিয়া বলেন, 'মেসি যেদিন জাতীয় দল থেকে অবসর নেবে, আমরা আর কাউকে এরপর ১০ নম্বর জার্সি পরার অনুমতি দেবো না। তার সম্মানে এই ১০ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে। অন্তত এটুকু আমরা তার জন্য করতেই পারি। '
এর আগে সচিনের ১০ নম্বর জার্সিও একইভাবে সংরক্ষণ করেছে বিসিসিআই। ভারতীয় দলের ১০ নম্বর জার্সি বলতে একটা নামই সকলের সবার প্রথম মনে আসে। তিনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।বছরের পর বছর ধরে এই ১০ নম্বর জার্সিতেই ২২ গজে রাজ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র শত সেঞ্চুরির মালিক।শুধু সচিন নয় ধোনির সাত নম্বর জার্সিও সংরক্ষণ করেছে বিসিসিআই।
আর্জেন্টিনার কাছে ১০ নম্বর জার্সি মানে একটা আবেগ। এই জার্সিতেই মাঠে নেমে বল পায়ে ইতিহাস সৃষ্টি করেছেন মারাদোনা থেকে মেসি। মাঝে কয়েকজন বিক্ষিপ্ত ভাবে এই জার্সি গায়ে চাপালেও মারাদোনার উত্তরসূরি হিসাবে এই জার্সির মালিক হন মেসি।
৩৬ বছর পর তাঁর অধিনায়কত্বে আর্জেন্টিনা বিশ্বসেরা হয়েছিল। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই বল পায়ে জাদু দেখিয়েছিলেন আর্জেন্টাইন রাজপুত্র। যে জার্সিগুলি পরে নিজের এবং আর্জেন্টিনাবাসীদের স্বপ্নপূরণ করেছিলেন মেসি, সেগুলিই নিলামে তোলা হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। আমেরিকার নিউইয়র্কের সাউথবে নিলামে মেসির জার্সিগুলো তোলা হয়। সব মিলিয়ে ৭.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয় মেসির ওই ছ'টা জার্সি।












Click it and Unblock the Notifications