কোপা আমেরিকায় মেসি বনাম নেইমারের দ্বৈরথে পরিসংখ্যানের বিচারে এগিয়ে কে জানুন
দুজনেই বন্ধু। বার্সেলোনায় কাটিয়েছেন অনেকটা সময়, সাক্ষী থেকেছেন অনেক স্মরণীয় মুহূর্তের। তবে কোপা আমেরিকা ফাইনালে নামার আগে সেই বন্ধুত্ব আপাতত সাইডলাইনের ধারে। এমনকী বিশ্ব ফুটবলের সুপারক্ল্যাসিকোর আগে ব্রাজিলে মেসি-প্রীতি নাপসন্দ নেইমারের। একনজরে দেখে নেওয়া যাক দুই মহারথীর পরিসংখ্যানের দিকে।

মেসি বনাম নেইমার
লিওনেল মেসি ও নেইমার পরস্পরের মুখোমুখি হয়েছেন পাঁচবার। দেশের হয়ে দু-জনেই দুটি করে ম্যাচ জিতেছেন। ২০১১ সালের ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে উয়েফার চ্যাম্পিয়ন বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েছিল কনমেবলের চ্যাম্পিয়ন স্যান্টোসকে। তখন মেসি নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, কেরিয়ারের প্রথম দিকে নেইমার ছিলেন স্যান্টোস দলে।

দেশের হয়ে প্রতিপক্ষ
আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল ও আর্জেন্তিনার হয়ে নেইমার ও মেসি পরস্পরের বিরুদ্ধে খেলেছেন চারটি ম্যাচ। প্রথম ম্য়াচটি ছিল ২০১০ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি। শেষ মুহূর্তে মেসির করা গোলে জিতেছিল আর্জেন্তিনা। দুই বছর বাদে আরও একটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে মুখোমুখি হন মেসি-নেইমার। মেসির হ্যাটট্রিকের সুবাদে সেই ম্যাচে ব্রাজিলকে ৪-৩ গোলে হারায় আর্জেন্তিনা। ২০১৪ সালে অবশ্য ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতেই ব্রাজিল ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্তিনাকে। সেই ম্যাচে নেইমার গোল পাননি, পেনাল্টি থেকে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেছিলেন মেসি। ২০১৬ সালে শেষবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল ও আর্জেন্তিনার দুই মহারথী পরস্পরের মুখোমুখি হন। মেসিদের ৩-০ গোলে হারায় ব্রাজিল, গোল করেছিলেন নেইমার। ২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে মেসিরা হারলেও সেই ম্যাচে নেইমার ছিলেন না। এমনকী দুই দলের শেষ সাক্ষাতে আর্জেন্তিনা যে জিতেছে সেই ম্যাচও মেসি-নেইমারের দ্বৈরথের সাক্ষী থাকতে পারেনি।

চলতি কোপায়
চলতি কোপা আমেরিকায় অবশ্য মেসি এগিয়ে রয়েছেন নেইমারের চেয়ে। আর্জেন্তিনার অধিনায়ক মেসি ৬টি ম্য়াচে ৪টি গোল করেছেন, অ্যাসিস্ট ৫টি। ফ্রি কিক থেকে গোল দুটি। কনভারসন রেট ২৩.৫৩ শতাংশ। পাসিং অ্য়াকিউরেসি ৮০.৭৮ শতাংশ। প্রতি ম্যাচে ড্রিবল ৫.৫। অন্যদিকে, নেইমার খেলেছেন চারটি ম্যাচ। গোল করেছেন ২টি, অ্যাসিস্ট তিনটি। ফ্রি কিক থেকে গোল নেই। কনভারসন রেট ১১.৭৬ শতাংশ। পাসিং অ্যাকিউরেসি বা নির্ভুল পাস ৮০.১৮ শতাংশ। প্রতি ম্যাচে ড্রিবল ৫.২।

নেইমার উবাচ
কোপা আমেরিকা ফাইনালের আগে নেইমার বলেছেন, মেসি আমার দারুণ বন্ধু। আমি সব সময় যা বলে এসেছি আমার দেখা সেরা ফুটবলার। কিন্তু এখন আমরা ফাইনালে, আমরা পরস্পরের প্রতিপক্ষ। এটা আমার প্রথম কোপা আমেরিকা, ফলে যে কোনও মূল্যে জিততে চাই। মেসিও নিশ্চিতভাবে দেশের হয়ে প্রথম খেতাব জয়ের লক্ষ্যে নামছেন। আগেও তিনি বেশ কয়েকবার এই সুযোগ পেয়েছেন এবং তখন বিপক্ষে ব্রাজিল না থাকায় আমিও তাঁকেই সমর্থন করেছি। ২০১৪ সালে জার্মানির বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল-সহ আমি মেসিদের জেতার জন্যই প্রার্থনা করেছিলাম। এখন ব্রাজিল খেলবে আর্জেন্তিনার বিরুদ্ধে। বন্ধুত্ব সাইডলাইনের বাইরে থাকবে। দুজন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু জিতবেন একজনই। বিষয়টা এমন বন্ধুত্বের বিষয়টা মাথা থেকে সরানো কঠিন। কিন্তু বন্ধুর সঙ্গে ভিডিও গেম খেলার সময় যেমন তাঁকে আমরা হারাতেই চাই, ঠিক তেমনটাই হবে এই ফাইনালে।

মেসি উবাচ
নেইমারকে নিয়ে মেসি বলেছেন, নেইমার থাকায় ব্রাজিল নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ। আমরা নেইমারের দক্ষতা, বিশেষ করে ব্যক্তিগতভাবে তিনি যা করতে পারেন সে সম্পর্কে ওয়াকিবহাল রয়েছি। সে সব মাথায় রেখেই পরিকল্পনা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications