মেসির গোল সত্ত্বেও আটকে গেল আর্জেন্তিনা, কোপায় অনিশ্চিত ব্রাজিলের তারকারা
দেশের হয়ে ৭২তম গোল করে লিওনেল মেসি দলকে এগিয়ে দিলেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় আর্জেন্তিনাকে রুখে দিল চিলি। ভারতীয় সময় আগামীকাল সকালে ইকুয়েডরের কাছে গ্রুপশীর্ষে থাকা ব্রাজিল যদি না হারে তাহলে মেসিদের থাকতে হবে দ্বিতীয় স্থানে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব, কোপা আমেরিকা ও ইউরো সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ খবর এবার একনজরে দেখে নেওয়া যাক।
🇦🇷 Messi pic.twitter.com/Cneetkxzga
— FC Barcelona (@FCBarcelona) June 4, 2021

আটকে গেলেন মেসিরা
চিলি ম্যাচের আগে সান্তিয়াগো দেল এস্তারোয় মাদ্রে দে সিউদাদেস স্টেডিয়ামের বাইরে বসানো হলো ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার পূর্ণাবয়ব ব্রোঞ্জের মূর্তি। মারাদোনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে লিওনেল মেসি-সহ আর্জেন্তিনা দল ও আর্জেন্তিনার ফুটবল সংস্থার আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতিতে দর্শকশূন্য স্টেডিয়ামেই হয় বিশ্বকাপের যোগ্যতা অর্জনের এই ম্যাচটি। ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্তিনাকে মেসি এগিয়ে দিলেও ৩৬ মিনিটে আলেক্সি স্যাঞ্চেজের গোলে সমতা ফেরায় চিলি। শেষের দিকে মেসি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সতীর্থদের যোগ্য সহযোগিতার খামতিতে গোলমুখ খুলতে পারেননি। চিলির গোলকিপার ক্লদিও ব্রাভো কিছু ভালো সেভ করেন। নভেম্বরের পর এদিনই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলল আর্জেন্তিনা। এই ড্রয়ের ফলে ২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে পরাজয়ের পর থেকে ১২ ম্যাচে অপরাজেয় মেসিরা। ঘরের মাঠে চিলির কাছে ৩৫টি ম্যাচে অপরাজেয় রইল আর্জেন্তিনা।

জিতল কলম্বিয়া
মঙ্গলবার আর্জেন্তিনা খেলবে ছয়ে থাকা কলম্বিয়ার বিরুদ্ধে। গতকাল পেরুকে ৩-০ গোলে চূর্ণ করেছে কলম্বিয়া। উরুগুয়ে ও প্যারাগুয়ের মধ্যে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছে। ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে বলিভিয়া। গ্রুপ পর্যায়ের প্রথম চারটি দল ২০২২ সালে কাতার বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। ইন্টার কন্টিনেন্টাল প্লে অফে খেলতে হবে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা দলকে। এর পরের ম্যাচে চিলি খেলবে বলিভিয়ার বিরুদ্ধে। উরুগুয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। এখনও অবধি গ্রুপশীর্ষে রয়েছে ব্রাজিল। দুইয়ে আর্জেন্তিনা। আর্জেন্তিনার চেয়ে এক ম্যাচ কম খেলেছে ব্রাজিল ও ইকুয়েডর। ইকুয়েডর আছে তিনে, আর্জেন্তিনার চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে। চারে প্যারাগুয়ে ও পাঁচে রয়েছে উরুগুয়ে।

কোপায় নেই ব্রাজিল তারকারা?
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতীয় সময় কাল সকালে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। কোপা আমেরিকা আয়োজনের দায়িত্বও পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরাই। যদিও কোপা আমেরিকায় খেলতে ব্রাজিলের বেশিরভাগ তারকাই আগ্রহী নন বলে জানা যাচ্ছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল ইকুয়েডর ম্যাচ খেলার পর মঙ্গলবার মুখোমুখি হবে প্যারাগুয়ের। ব্রাজিলের কোচ জানিয়েছেন, ফুটবলাররা ইতিমধ্যেই দেশের ফুটবল সংস্থার সভাপতির সঙ্গে কথা বলেছেন। সময়মতো তাঁরা তাঁদের অবস্থান জানাবেন। আপাতত সকলকে ইকুয়েডর ম্যাচে ফোকাস রাখতে বলা হয়েছে। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৩ জুন থেকে ১০ জুলাই অবধি অনুষ্ঠেয় কোপা আমেরিকায় খেলতে অনিচ্ছুক বেশিরভাগ তারকাই।

ইউরোর আগে চোটের ধাক্কা
ইউরো শুরুর আগে বেলজিয়ামকে ভাবাচ্ছে চোট সমস্যা। চোট জর্জরিত বেলজিয়াম ইউরোর প্রস্তুতি ম্যাচে এগিয়ে গিয়েও গ্রিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ইউরোর আগে চোট সমস্যায় ইংল্যান্ডও। উরুর চোটের কারণে ছিটকে গেলেন ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। গত বুধবার ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে, সেই ম্যাচেই চোট পান আর্নল্ড। ১৩ জুন ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ইংল্যান্ড। তার আগে রবিবার রোমানিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন গ্যারেথ সাউথগেটের ছেলেরা।












Click it and Unblock the Notifications