কর ফাঁকি দেওয়ায় ২১ মাসের জেল ফুটবলার লিওনেল মেসির
বুয়েনস আইরেস, ৬ জুলাই : কোপা আমেরিকার ফাইনালে হারের শোক ভুলিয়ে উঠতে না উঠতেই নয়া বিপাকে পড়লেন লিওনেল মেসি। কর ফাঁকি দেওয়ায় আর্জেন্তিনীয় সুপারস্টার মেসিকে ২১ মাসের কারাদণ্ডের সাজা শোনাল আদালত। একইসঙ্গে মেসির বাবাকেও একই সাজা শোনানো হয়েছে।
মেসির বিরুদ্ধে তিনটি জালিয়াতির মামলায় রায় ঘোষণা হয়েছে। অভিযোগ ছিল, তিনি স্পেনে প্রায় ৪১ লক্ষ ইউরো কর ফাঁকি দিয়েছেন। সেজন্যই স্পেনের আদালত তাঁকে ও তাঁর বাবা জর্জ মেসিকে এই সাজা শুনিয়েছে। একইসঙ্গে ২০ লক্ষ ইউরো জরিমানাও করা হয়েছে মেসিকে। এছাড়া তাঁর বাবারে ১৫ লক্ষ ইউরো জরিমানা করা হয়েছে।

জানা গিয়েছে, স্প্যানিশ আইনানুযায়ী ২ বছরের নিচে সাজা হলে জেলে যেতে নাও হতে পারে। ফলে মেসির কারাবাসে যেতে হবে সেটা এখনই হলফ করে বলা যাচ্ছে না। তবে জরিমানা অবশ্যই দিতে হবে।
এই সাজার বিরুদ্ধে স্পেনের সর্বোচ্চ আদালতে আপিল জানাতে পারেন মেসি। সেখানে ফের মামলাটি বিচার করে দেখা হবে।












Click it and Unblock the Notifications