অন্ধকার অধ্যায় কাটিয়ে নতুন ভোরের দিশা পেলেন প্রতিশ্রুতিবান এই ফুটবলার
অবশেষে যোগ্য জায়গায় ফিরলেন আনওয়ার আলি (জুনিয়র)। জানুয়ারি'র ট্রান্সফার উইন্ডো'তে অসম্ভব প্রতিভাবান এই ফুটবলারর'কে সই করাল এফসি গোয়া। দিল্লি এফসি থেকে এই ডিফেন্ডার'কে সই করায় গোয়া।

ভারতীয় ফুটবলের উদীয়মান তারকাদের মধ্যে অত্যন্ত যোগ্যতা সমপন্ন ফুটবলার এই আনওয়ার আলি (জুনিয়র)। মিনার্ভার অ্যাকাডেমি থেকে বেড়ে ওঠা এই ডিফেন্ডার পেশাদার ফুটবলে নিজের কেরিয়ার শুরু করেছিলেন মিনার্ভা পাঞ্জাবের জার্সি গায়ে। এর পর ২০১৭ অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে তাঁর চোখ ধাঁধানো পারফরম্যান্স গোটা দেশের নজরকাড়ে। পরবর্তীতে মুম্বই সিটি এফসি'র হয়ে সই করার আগে ২০১৭/১৮ মরসুমে লোনে ইন্ডিয়ান অ্যারোজে যান আনওয়ার। পরবর্তী মরসুমে ফের লোনে তাঁকে ফিরিয়ে আনে ইন্ডিয়ান অ্যারোজ।
কেরিয়ার গ্রাফ যখন ঊর্ধ্বমুখী তখন হঠাৎ আনওয়ারের ফুটবল ভবিষ্যতে নেমে আসে অনিশ্চিয়তার কালো মেঘ। আদৌ এই দেশে তিনি ফুটবল খেলতে পারবেন কি না, সেটা নিয়েই প্রশ্ন উঠে যায়।
ঘটনাটি ২০২০ সালের। দ্বিতীয় ডিভিশন আই লিগের জন্য আনওয়ার'কে সই করায় তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু আনওয়ারের মেডিক্যাল রিপোর্টে জানা যায় অ্যাপিকাল কার্ডিওমিওপ্যাথি-তে আক্রান্ত এই ডিফেন্ডার। এর পরই আলি'র শারীরিক পরিস্থিতির কথা বিচার করে ভারতে তাঁর ফুটবল খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ফুটবল ব্যতিত জীবনধারন এতটাই কঠিন হয়ে উঠেছিল যে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আনওয়ার এআইএফএফ-এর কাছে একাধিক বার আবেদন জানিয়েছিল যাতে তাঁর পেশাদার ফুটবল খেলার উপর ছাড়াপত্র দেওয়া হয়। এক সাক্ষাৎকারে আনওয়ার বলেছিলেন, "খালি পেটে মৃত্যু বরনের আগে প্রাণ যেতে হলে তা খেলতে খেলতেই যাক।"
এআইএফএফ-এর সিদ্ধান্ত'কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন আনওয়ার আলি। অবশেষে ২০২১ সালের অগস্ট মাসে আনওয়ার'কে ফুটবল খেলার ছাড়পত্র দেয় দিল্লি হাইকোর্ট। প্রায় এক বছর ফুটবল থেকে দূরে সরে থাকার পর হিমাচল প্রদেশের ক্লাব তেচত্রো স্বদেশ ইউনাইটেড-এ ফের নতুন জীবন ফিরে পান তরুণ ডিফেন্ডার। পরবর্তীতে মিনার্ভার অ্যাকাডেমির মধ্যে দিয়ে দিল্লি এফসি'তে সই করেন আলি। অবশেষে ফের আইএসএল-এ মঞ্চ ফিরে পেলেন প্রতিভাবান এই ফুটবলার। এফসি গোয়া'র জার্সি গায়ে তুলে ফের ভারতীয় ফুটবলের মূল স্রোতে ফেরা আনওয়ার আলি বলেন, "এই মুহূর্তে আমার উপর ভরসা রাখার জন্য আমি এফসি গোয়া'কে ধন্যবাদ জানাই। আমি দলের সঙ্গে মরসুমের শুরু থেকে ছিলাম এবং তা আমায় সাহায্য করেছে দলের খেলার স্টাইল বুঝতে। আমি খুশি জীবনের সব থেকে খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারায়। এচা আমার জীবনের নতুন অধ্যায় এবং এই সুযোগকে দু'হাতে স্বাগত জানাতে চাই আমি। দীর্ঘ অপেক্ষার পর দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলার ছাড়পত্র পেয়েছি।"












Click it and Unblock the Notifications