Anwar Ali: আনোয়ার আলির ইস্টবেঙ্গলে খেলতে বাধা রইল না, ফেডারেশন থেকে এসে গেল এনওসি
Anwar Ali: আনোয়ার আলির ইস্টবেঙ্গলে খেলার ক্ষেত্রে আর বাধা রইল না। এআইএফএফের প্লেয়ারস স্ট্যাটাস কমিটি থেকে ছাড়পত্র পেয়ে গেলেন এই নির্ভরযোগ্য ডিফেন্ডার।
মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে আনোয়ারকে নিয়ে লাল হলুদের দীর্ঘ টানাপোড়েনের সাময়িক অবসান। এআইএফএফ আনোয়ারের উপর যে সাসপেনশন জারি করেছিল, তা খারিজ করে পুনরায় শুনানির নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।

আনোয়ারের বিষয়টি নিয়ে ফের শুনানির দিন ধার্য রয়েছে ৩০ সেপ্টেম্বর। ফলে তার আগে লাল হলুদ জার্সি গায়ে মাঠে নামতেই পারবেন আনোয়ার। উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর এআইএফএফ আনোয়ারকে চার মাসের জন্য সাসপেন্ড করেছিল। ক্ষতিপূরণ হিসেবে ১২.৯০ কোটি টাকা জরিমানা মেটাতে বলেছিল। আনোয়ারের সঙ্গে এই বিষয়ে বিপাকে পড়েছিল তাঁর পুরানো ক্লাব দিল্লি এফসি এবং বর্তমানে তিনি যে ইস্টবেঙ্গলে সই করেছিলেন তারা।
মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গ করাতেই এআইএফএফ আনোয়ারকে এই শাস্তি দিয়েছিল বলে জানানো হয়। যদিও দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, এআইএফএফের পদক্ষেপ কোনও গ্রহণযোগ্য যুক্তির ধার ধারেনি। ন্যায়বিচারের নীতিকেও লঙ্ঘন করা হয়েছে বলে মনে করছে দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চার বছরের চুক্তি থাকা সত্ত্বেও সেই শর্ত ভেঙে আনোয়ার ইস্টবেঙ্গলে পাঁচ বছরের চুক্তি সারেন বলে অভিযোগ।
আনোয়ারকে নিজের অবস্থান বোঝানোর জন্য পর্যাপ্ত সুযোগ না দেওয়ার জন্য এআইএফএফকে ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল দিল্লি হাইকোর্টে। সাসপেনশন ও জরিমানার বিষয়টি খারিজ করে এআইএফএফকে আনোয়ার সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেও বলা হয়। তারপরই আনোয়ারকে এনওসি দিল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।
যার ফলে ফিটনেস নিয়ে কোনও সমস্যা না থাকলে ২২ সেপ্টেম্বর কেরালা ব্লাস্টার্স ম্যাচে আনোয়ারকে নামাতে পারেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। আইএসএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হেরেছে ইস্টবেঙ্গল। আনোয়ার এলে নিশ্চিতভাবেই রক্ষণভাগ মজবুত হবে। তবে সাময়িক স্বস্তি মিললেও পরবর্তী শুনানির পর আনোয়ারকে নিয়ে চূড়ান্ত রায়দানের দিকে তাকিয়ে থাকতে হবে। তার উপরই নির্ভর করবে আনোয়ারের ভবিষ্যৎ।












Click it and Unblock the Notifications