ISL 2023-24: সূচি নিয়ে তীব্র ক্ষোভ হাবাসের, নর্থইস্ট ম্যাচের আগে আনোয়ারকে নিয়ে কী আপডেট দিলেন?
শনিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামছে মোহনবাগান এসজি। সবুজ মেরুন ব্রিগেডের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ জিতলে লিগ টেবলে ২ নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে হাবাসের দলের সামনে।
হাবাসের হাতে পড়েই যেন বদলে গিয়েছে মোহনবাগান এসজি দল। ডার্বিতে ইস্টবেঙ্গেলর বিরুদ্ধে দুই বার পিছিয়ে পড়েও ড্র করেছিল ম্যাচ। এরপর ঘরের মাঠে হায়দরাবাদ এফসি এবং তার পর শক্তিশালী গোয়ার বিরুদ্ধে জয় পেয়ে চনমনে হয়ে উঠেছে সবুজ মেরুন শিবির। কিন্তু নর্থইস্ট ম্যাচের আগে হাবাসের চিন্তা অন্য জায়গায়। সেটা হল পর পর ম্যাচ খেলার ক্লান্তি।

হাবাসের কথায়, 'একটা দল সাত দিন পর ম্যাচ খেলতে নামছে অন্য একটা দল দুই দিনের মধ্যেই খেলতে হচ্ছে। যারা আইএসএলের সূচি বানাচ্ছেন তাদের বিষয়টি নিয়ে ভাবা উচিত। কিন্তু সূচির সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে। তাই ম্যাচের পর থেকেই আমাদের রিকোভরি সেশন শুরু হয়ে গিয়েছে।'
এই ম্যাচে কী দলে ফিরবেন আনোয়ার আলি? পঞ্জাব তনয়ের খেলা নিয়ে সাংবাদিক সম্মেলনে খোলশা করে কিছু বলতে চাইলেন না হাবাস। তাঁর কথায়, 'আনোয়ার ফিট আছে। তবে শনিবারের ম্যাচে খেলতে পারবেন কিনা তা শুক্রবার বিকালে অনুশীলনের পরই বোঝা যাবে। আমি আমার সহকারীদের সঙ্গে কথা বলছি বিষটি নিয়ে। আনোয়ারের সামনে লম্বা একটা কেরিয়ার পরে আছে।'
বিগত দুটি ম্যাচেই জনি কাউকোকে পরিবর্ত হিসাবে মাঠে নামিয়েছিলেন হাবাস। নর্থইস্ট ম্যাচের আগে বাগান সমর্থকদের জন্য সুখবর পুরো ৯০ মিনিট খেলার অবস্থাতেই আছে জনি। বর্তমানে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগের লড়াইয়ে তিন নম্বরে আছে সবুজ মেরুন। অন্যদিকে, ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে নর্থইস্ট।
যদিও প্রতিপক্ষ দলকে বেশ সমীহই করছেন হাবাস। কারণ এই দলগুলি যে কোনও সময় ভয়ঙ্কর হতে পারে। তাই বেশ সতর্ক হাবাস।তাঁর কথায়, 'আমরা খুব ক্লান্ত তাই প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি গবেষণা করার সুযোগ পাইনি, তবে আমাদের সতর্ক থাকতে হবে।'












Click it and Unblock the Notifications