Habas In MBSG: মোহনবাগান সুপার জায়ান্টের বড় চমক, ফেরান্দোর সঙ্গে থাকছেন হাবাস
Habas Joins Mohun Bagan Super Giant: বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল-জয়ী হেড কোচ হুয়ান ফেরান্দোর সঙ্গে এবার জুড়ে দেওয়া হলো আইএসএল-জয়ী আরেক হেড কোচকে।
ডাবল ইঞ্জিন দিয়েই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার এই পদক্ষেপ। সবুজ মেরুনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিলেন আন্তোনিও লোপেজ হাবাস।

আইএসএল শুরুর বছরেই এটিকের কোচ হয়েছিলেন হাবাস। তাঁর কোচিংয়ে এটিকে আইএসএল খেতাব জিতেছে। এটিকে মোহনবাগানেরও হেড কোচ ছিলেন তিনি। পুনে সিটিতেও প্রশিক্ষক হিসেবে ছিলেন এই স্প্যানিশ কোচ। প্রথম কোচ হিসেবে একই দলের হয়ে দুবার আইএসএল জেতার নজির রয়েছে হাবাসের।
২০১৪ সালের ৮ জুলাই থেকে ২০১৫ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত এটিকে হাবাসের কোচিংয়ে খেলেছে ৩৩টি ম্যাচ, জিতেছে ১৩টিতে, ড্র হয়েছে ১১টি ম্যাচ, ৯টিতে পরাজয়। পুনে সিটিতে হাবাস কোচ ছিলেন ২০১৬ সালের ২৫ এপ্রিল থেকে ২০১৭-র ১৫ সেপ্টেম্বর অবধি। জয় ও ড্র ৪টি করে ম্যাচে, পরাজয় ৬টিতে।

২০১৯ সালের ৩ মে এটিকেতে ফের হেড কোচ হন হাবাস। ২০২০ সালের ৩১ মে অবধি দায়িত্ব সামলেছেন। এই সময়কালে এটিকের জয় ১২টিতে, ড্র ৪টি, পরাজয় ৫টি ম্যাচে। ২০২০ সালের ১০ জুলাই থেকে ২০২১ সালের ১৮ ডিসেম্বর অবধি এটিকে মোহনবাগানের কোচ ছিলেন। ৩৩ ম্যাচে জয় ১৭টিতে, ড্র ও পরাজয় ৮টি করে ম্যাচে।
এর মধ্যে ২০১৪ সালে হাবাসের কোচিংয়ে এটিকে প্রথম আইএসএলেই চ্যাম্পিয়ন হয়। ২০১৯-২০ মরশুমে হাবাসের কোচিংয়ে ফের এটিকে চ্যাম্পিয়ন হয়। ২০২০-২১ মরশুমে এটিকে মোহনবাগান রানার-আপ হয়েছিল। ভারতীয় ফুটবলের অন্যতম সফল বিদেশি কোচ এবার এমবিএসজির বিভিন্ন ফুটবল দলের পরামর্শদাতার ভূমিকা পালন করবেন।

মোহনবাগান সুপার জায়ান্টের তরফে জানানো হয়েছে, স্ট্র্যাটেজি তৈরি থেকে টেকনিক্যাল বিভাগকে সাহায্য করবেন তিনি। শক্তিশালী সিনিয়র দল গড়ার পাশাপাশি ইউথ ডেভেলপমেন্টেও জোর দিচ্ছে সবুজ মেরুন। সিনিয়র দলের পাশাপাশি যুব-সহ বয়সভিত্তিক সব টিমকে পর্যবেক্ষণ করে উন্নতির পরামর্শ দেবেন হাবাস।
হাবাস বলেন, আমি সম্মানিত ও খুশি এটা ভেবে যে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আমাকে আবার কলকাতায় কাজ করার সুযোগ দিলেন। কোচিং জীবনের সেরা সময় কাটিয়েছি কলকাতায়। ফুটবলপ্রেমীরা যেভাবে স্বাগত জানান তা ভোলার নয়। মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছি।
হাবাস জানিয়েছেন, দলের স্ট্র্যাটেজি ও উন্নতির জন্য ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল স্টাফদের সঙ্গে তিনি কাজ করবেন। এই নিয়োগের পর জল্পনা, হাবাসকে এনে ফেরান্দোর ক্ষমতা কি খর্ব করল সবুজ মেরুন? চাপেও রাখা হলো ফেরান্দোকে।












Click it and Unblock the Notifications