বিশ্বকাপের আড্ডাতেই মোহন-প্রীতি ঝড়ে পড়ল সত্যজিতের গলায়
আর কয়েক দিনের অপেক্ষা তার পরই শুরু হতে চলেছে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। তার কয়েক দিন আগে ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার সত্যজিৎ চ্যাটার্জী জানিয়ে দিলেন এই বিশ্বকাপে তিনি ভাল খেলার প্রত্যাশা
২০১৮ ফুটবল বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ বাড়ছে। সাধারণ ফুটবলপ্রেমীদের মতোই বিশ্বকাপের জ্বরে কাঁপছেন দেশের প্রাক্তন থেকে বর্তমান ফুটবলার সকলেই। বিশ্বকাপের আগে মাইখেল বাংলার সঙ্গে বিশ্বকাপের আড্ডায় মেতে উঠলেন ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র এবং মোহনবাগানের ঘরের ছেলে সত্যজিৎ চ্যাটার্জী।

প্রশ্ন: ২০১৮ ফুটবল বিশ্বকাপে দলগুলির থেকে কেমন খেলা আশা করছেন?
উত্তর: বিশ্ব ফুটবলের সেরা মঞ্চ হল বিশ্বকাপ। যতই ক্লাব ফুটবল থাকুক, পৃথিবীর সেরা দলগুলি কিন্তু খেলে বিশ্বকাপেই। আগেও দেখা গিয়েছে গুণগত মানে এবং সৃজনশীলতায় বিশ্বকাপে ফুটবলের মান অনেক উন্নত। এই বারেও প্রতিটি দলের কাছে সেরা ফুটবলের আশা করি। বিশ্বকাপ থেকে নতুন নতুন ভাবনার উদয় হয়।পাশাপাশি এ-ও নজরে থাকবে যে, প্রতিনিয়ত ক্লাব ফুটবল যারা খেলেন, তাঁরা দেশের হয় কে কতটা ভাল দিতে পারেন সেই দিকে।
প্রশ্ন: এই বিশ্বকাপে কাকে এগিয়ে রাখবেন?
উত্তর: কোনও একটা দলকে এগিয়ে রাখব না। ফ্রান্স-জার্মানি এবং আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখব। পাশাপাশি পর্তুগল এবং বেলজিয়ামকে ভুললেও চলবে না। আমি মনে করি এই পাঁচটি দলের মধ্যেই কোনও এক দল এই বার খেতাব জিতবে।

প্রশ্ন: ব্রাজিলের সম্ভবনা কেমন দেখছেন আসন্ন বিশ্বকাপে?
উত্তর: ব্রাজিল নিঃসন্দেহে ভাল দল। গত বারেও সেমিফাইনালে উঠে ছিল নেইমাররা। তবে, জার্মানির কাছে অপ্রত্যাতিশত ভাবে হারতে হয় ওদের। এই বার যেই দলকে নিয়ে ব্রাজিল বিশ্বকাপের মঞ্চে নামবে সেই দলের গড় বয়স অনেক কম। প্রায় পুরো দলটাই তরুণদের নিয়ে তৈরি। ব্রাজিলের ঐতিহ্য আছে। তবে, ঐতিহ্য দিয়েই হবে না দেখতে হবে এই বার দলটা কেমন খেলে।
প্রশ্ন: গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনার সম্ভবনা কতটা দেখছেন?
উত্তর: রাশিয়া বিশ্বকাপে বিরাট সম্ভবনা রয়েছে আর্জেন্টিনার। মনে রাখতে হবে, এটা শেষ বিশ্বকাপ হতে চলেছে মেসির কাছে। ফলে একটা মরিয়া লড়াই কিন্তু ও চলাবে। ব্যক্তিগত ভাবে আমি চাই মেসির নেতৃত্বে এই বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা। কারণ মেসির জন্য নয়, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক ফুটবলের স্বার্থে। মেসির মতো খেলোয়াড় বেশি উঠে আসে না বিশ্ব ফুটবলে। তবে, শুধু মেসি কেন্দ্রিক ফুটবল খেললেই হবে না, গোটা দলকে দায়িত্ব নিতে হবে। আর্জেমন্টিনা এবার যা দল গড়েছে, সেই দলের প্রতিটি প্লেয়ার যদি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারে তাহলে বিশ্বকাপ মঞ্চে সাফল্য এই বার পেতেই পারে আর্জেন্টিনা।

প্রশ্ন: এই বিশ্বকাপে স্পেন কতটা কী করতে পারবে বলে মনে হয়?
উত্তর: নিজেদের সেরা সময়ে পেরিয়ে এসেছে স্পেন। ২০০৮ থেকে ২০১২ এর মধ্যে স্পেনের যে দাপুটে দল ছিল সেই দল আর এখন নেই। আমার মনে হয় না, ২০১০ সালে যে ফুটবলটা স্পেন খেলতে পেরেছিল, তা এই বার খেলতে পারবে বলে। তবে, ওরা লড়াই চালাবে।
প্রশ্ন: গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে নিয়ে কতটা আশাবাদী?
উত্তর: জার্মানিকে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে কখনও সরিয়ে রাখা যায় না। ওদের গেম প্ল্যান, লড়াই চালিয়ে যাওয়ার মানষিকতা এবং কোয়ালিটি ফুটবল যে কোনও দলকে বিপদে ফেলতে পারে। হার না মানা মনোভাবটাই অন্যদের থেকে আলাদা করে জার্মানিকে। জর্মানি সব সময় ফেভারিট।

প্রশ্ন:আয়োজক দেশ রাশিয়া বা নতুন দলগুলির থেকে বিশেষ কিছু আশা করছেন?
উত্তর: বিশ্বকাপে আফ্রিকার দলগুলি বরাবরই চমক দিয়ে এসেছে। সেখানে পানামা কিছু একটা করে দেখানোর চেষ্টা চালাবে এছাড়া আয়োজক দেশ রাশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার মানষিকতা নেই। সংযুক্ত রাশিয়া যখন ছিল তখন খুব শক্তিশালী দল ছিল রাশিয়ার কিন্তু রাশিয়া ভেঙে যাওয়ার পর ওদের সেই ক্ষমতা আর নেই। এই দলটার সম্ভবনা খুব বেশি দেখছি না।
প্রশ্ন:আপনার সমসাময়িক ফুটবলাররা খেলা ছাড়ার পর কোচিংয়ে এলেও আপনি কেন পেশাদার কোচিং-এ এলেন না?
উত্তর: এর একটাই কারণ এবং তা মোহনবাগান। মোহনবাগানকে কখনও ছাড়তে পারব না বলেই কোচিংয়ে আসিনি। পাশাপাশি কোচ হলে কখনও না কখনও মোহনবাগানের বিরুদ্ধে খেলতে হতো। কিন্তু সেটা আমি করতে পারব না, কোনও ভাবেই মোহনবাগানের বিরুদ্ধে যেতে পারব না, তাই কোচিং করানোর চিন্তাও মাথায় আসেনি।












Click it and Unblock the Notifications