বিশ্বকাপের আড্ডাতেও আশিয়ান না খেলার আফসোস চুয়ে পড়ল দীপঙ্করের গলায়
আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার আগেই বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বকাপের ফিভার থেকে বাদ যায়নি বাঙালিরাও।
আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার আগেই বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বকাপের ফিভার থেকে বাদ যায়নি বাঙালিরাও। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির সমর্থকেরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন নিজেদের মতো করে। বিশ্বকাপের আঁচ গায়ে লেগেছে ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র দীপঙ্কর রায়েরও।

বিশ্বকাপ শুরুর আগে মাইখেল বাংলার সঙ্গে জমাটি আড্ডায় মতে উঠলেন ভারতীয় ফুটবলের বর্ণময় চরিত্র দীপঙ্কর রায়।
প্রশ্ন: আর কয়েক দিন পরেই শুরু বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়ে কী পরিকল্পনা?
উত্তর: বিশ্বকাপের খেলা একা একা দেখে মজা নেউ, সকলে মিলে বিশ্বকাপের খেলা দেখার মজাই আলাদা। এই বিশ্বকাপেও সকলে মিলেই মজা করতে চাই।
প্রশ্ন: বিশ্বকাপে কেমন খেলা আশা করছেন?
উত্তর: অনেকগুলোই বিশ্বকাপ দেখলাম। কিন্তু ক্লাব ফুটবলে আমরা যে ধরণের খেলা দেখি, সেই খেলা কিন্তু দেখতে পাই না বিশ্বকাপের মঞ্চে। ক্লাব ফুটবলে গতির সঙ্গে বৈচিত্র থাকে, বহু প্লেয়ারই নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিশ্বকাপে সেই জমাটভাব এবং দৃষ্টিনন্দন ফুটবলের সাক্ষী থাকার সুযোগ খুব কম আসে।
প্রশ্ন: এই বিশ্বকাপে লাতিন আমেরিকার দলগুলি কতদূর এগোতে পারে বলে মনে হয়?
উত্তর: ব্রাজিল-মেক্সিকো-উরুগুয়ে এই তিনটি দল কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবেই। কোয়ার্টার ফাইনালের গণ্ডি এইদলগুলি টপকাতে পারবে কি না, তা নির্ভর করবে ফুটবলাররা কী রকম ফুটবলের নমুনা রাখে তার উপর।

প্রশ্ন: ইংল্যান্ডের কতটা সম্ভবনা আছে বলে মনে হয়?
উত্তর: ওরা যে দল বেছেছে বিশ্বকাপের জন্য, তা কিন্তু খারাপ নয়। একাধিক ভাল ফুটবলার আছে দলে। শুধু এই বছরই নয়, প্রতিটি বিশ্বকাপেই অন্যতম সেরা দল হয় ইংল্যান্ডের। কিন্তু দেখা গিয়েছে কোনও না কোনও কারণে বিশ্বকাপে ওরা সেই ভাবে মেলে ধরতে পারে না। এই বিশ্বকাপে নিজেদের যোগ্যতার উপর সুবিচার করলে ভাল ফল করতে পারবে ইংল্যান্ড।
প্রশ্ন: আয়োজক দেশ রাশিয়াকে নিয়ে কতটা আশাবাদী আপনি?
উত্তর: খুব ভাল কিছু করার আশা করছি না রাশিয়ার কাছ থেকে। ওরা ঘরের মাঠে খেলার সুবিধা পাবে, এছাড়া ওদের প্রতিটি ম্যাচে গ্যালারি সিংহভাগই থাকবে রাশিয়ার সমর্থক। ফলে কোয়ার্টার ফাইনল পর্যন্ত যেতে পারে।
প্রশ্ন: গতবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। গত বিশ্বকাপের আক্ষেপ কী মেটাটে পারবে আর্জেন্টিনা?
উত্তর: আর্জেন্টিনা মূলত মেসি কেন্দ্রিক ফুটবল খেলে। মারাদোনা একা কাপ জেতাতে পারলেও মেসির পক্ষে এটা একা করা সম্ভব নয়।তবে হ্যাঁ, মেসি গতবার একাই আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিল। আর্জেন্টিনাকে সাফল্য পেতে হলে শুধু মেসি কেন্দ্রিক নয়, দলগত খেলা খেলতে হবে।

প্রশ্ন: বহু ছোট ছোট দেশ ফুটবলে চমকপ্রদ উন্নতি করলেও, ভারত সেই দিক দিয়ে এখনও পিছিয়ে রয়েছে। আমাদের দেশের সমস্যাটা ঠিক কোথায়?
উত্তর: গ্রাসরুট প্রোজেক্টে একেবারেই ভাল নয় আমাদের দেশে। ফুটবলার তৈরির সাপ্লাইলাইনেই যদি গলদ থাকে তাহলে আর দেশের ফুটবলের উন্নতি হবে কী করে! আমাদের সময় টিএফএ যে ধরনের অ্যাকাডেমি ছিল, সেই রকম ২০-২৫টা অ্যাকাডেমি যদি ভারতীয় ফুটবলে থাকে, তাহলে খুব শীঘ্রই ভারতীয় ফুটবল একটা জায়গায় পৌছে যেতে পারে। কেন্দ্র সরকারকে ফুটবলের উন্নতির বিষয়ে সঠিক পরিকল্পনা রাখতে হবে। সরকারী সাহায্য এবং সুযোগ সুবিধা পেলে ফুটবলের বিকাশ হতে বেশি সময় লাগবে না।

প্রশ্ন: আশিয়ান কাপ না খেলতে পারার আক্ষেপটা কি এখনও রয়ে গিয়েছে?
উত্তর: ফুটবল কেরিয়ারে আমি সব ট্রফি-ই পেয়েছি। কিন্তু আশিয়ান না খেলতে পারার দুঃখ আমার এখনও যায়নি। খুব আফসোস হয়। আমি খেলব তা চূড়ান্তও হয়ে গিয়েছিল। কিন্তু চোট পেয়ে আমি টুর্নামেন্ট থেকে ছিটকে যাই। এই আফসোসটা সারা জীবনই থাকবে।
প্রশ্ন: এত তাড়াতাড়ি ফুটবলকে বিদায় জানালেন কেন?
উত্তর: সম্মানের সঙ্গেই সরে যাতে চেয়েছিলাম। আর সেটাই করেছি। খেলোয়াড় জীবনে যতটুকু সম্মান অর্জন করেছিলাম, দীর্ঘদিন খেললে তা হয়তো ধরে রাখতে পারতাম না।












Click it and Unblock the Notifications