Euro 2020: এবারের ইউরোয় রোনাল্ডোর গোলের রেকর্ড টপকানোর হাতছানি যাঁদের সামনে
বেলজিয়ামের কাছে হেরে প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। তা সত্ত্বেও ইউরো কাপের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবারের ইউরোতেও গোলদাতাদের তালিকার শীর্ষে। এবারের ইউরোতে কে কটি গোল করেছেন সেদিকে নজর রাখা যাক।

রোনাল্ডো শীর্ষে
পাঁচটি ইউরোতে পাঁচটিতেই গোল করার নজির রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এবারের ইউরোতেই পর্তুগালের অধিনায়ক ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা ফ্রান্সের মিশেল প্লাতিনির রেকর্ড ভেঙে দিয়েছেন। ৫ ম্যাচে ৯টি গোল ছিল প্লাতিনির। রোনাল্ডো এবারের ইউরোতে সবচেয়ে বেশি পাঁচটি গোল করেছেন পাঁচ ম্যাচে। প্লাতিনির রেকর্ড ভেঙে ইউরোয় তাঁর গোলের সংখ্যা ২৫ ম্যাচে ১৪। প্লাতিনি ছাড়াও প্রথম পাঁচে রয়েছেন ফ্রান্সের আন্তোনি গ্রিজম্যান (১০ ম্যাচে ৭ গোল), ইংল্যান্ডের অ্যালান শিয়েরার (৯ ম্যাচে ৭ গোল) এবং ফ্রান্সের থিয়েরি অঁরি (১১ ম্যাচে ৬ গোল)। গতকাল বেলজিয়ামের বিরুদ্ধে গোল না পাওয়ায় তাঁকে পুরুষদের ফুটবলে সর্বকালের সর্বাধিক আন্তর্জাতিক গোলদাতার রেকর্ড এককভাবে দখলে নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বর্তমান ফুটবলারদের মধ্যে অবশ্য রোনাল্ডোর ১০৯টি গোলই সবার উপরে। এবারের ইউরোতেই তিনি স্পর্শ করেছেন আলি দায়ির সর্বাধিক গোলের রেকর্ড। এবারের ইউরোতে পাঁচটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন রোনাল্ডো। খেলেছেন ৩৬০ মিনিট।

চার গোল শিকের
এবারের ইউরোতে রোনাল্ডোর পাঁচটি গোলের পরই সর্বাধিক গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক। গোল করেছেন চারটি, খেলেছেন ৩২৫ মিনিট। শনিবার ৩ জুলাই বাকুতে কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্র খেলবে ডেনমার্কের বিরুদ্ধে। সেই ম্যাচেই রোনাল্ডোকে স্পর্শ করা বা টপকে যাওয়ার হাতছানি থাকছে শিকের সামনে।

চারজনের তিন গোল
এবারের ইউরোতে তিনটি করে গোল এখনও পর্যন্ত করেছেন চারজন। তাঁরা হলেন পোল্যান্ডের রবার্ত লেভানদোস্কি, নেদারল্যান্ডসের জর্জিনিও উইজনালডাম, বেলজিয়ামের রোমেলু লুকাকু ও সুইডেনের এমিল ফর্সবার্গ। পোল্যান্ড ও নেদারল্যান্ডস ছিটকে যাওয়ায় প্রথম দুজনের সামনে আর ইউরোতে গোল করার সুযোগ নেই। তবে লুকাকু বা ফর্সবার্গ সর্বাধিক গোলদাতার দৌড়ে ভালোভাবেই রয়েছেন।

দুটি করে গোল
এবারের ইউরোতে দুটি করে গোল যাঁরা করেছেন তাঁরা হলেন নেদারল্যান্ডসের মেমফিস ডিপে, সুইজারল্যান্ডের জারদান শাকিরি, সুইডেনের রোমান ইয়ারেমচুক ও আন্দ্রি ইয়ারমোলেঙ্কো, ইতালির সিরো ইম্মোবিলে, মাত্তেও পেসিনা ও ম্যানুয়েল লোকাতেল্লি, ডেনমার্কের ইউসুফ পলসেন, জার্মানির কাই হাভের্ৎজ, ইংল্যান্ডের রাহিম স্টার্লিং, ফ্রান্সের করিম বেঞ্জেমা, ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ ও বেলজিয়ামের থোর্গান হ্যাজার্ড। সর্বাধিক গোলদাতার তালিকা তৈরির সময় গোলের সংখ্যার পাশাপাশি বিবেচ্য হয় তিনি কতগুলি অ্যাসিস্ট করেছেন বা গোল করতে সতীর্থদের সহযোগিতা করেছেন এবং কতক্ষণ খেলেছেন। ফলে এখনও ১৩ জন ফুটবলার দুটি করে গোল করলেও দুটি অ্যাসিস্ট করায় ডিপে রয়েছেন এবারের তালিকার সপ্তম স্থানে।












Click it and Unblock the Notifications