বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মাঠের লড়াই জমজমাট, মেসি-সুয়ারেজের জার্সিতে চমক
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নামছেন মেসি, সুয়ারেজ, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জোরকদমে লড়াই চলছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর অবধি পৃথিবীর নানা প্রান্তে নানা দেশ লড়বে রাশিয়া বিশ্ব কাপের টিকিটের জন্য।

এদিন জাতীয় দলের জার্সি গায়ে নেমে পড়ছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার সকলেই। সুয়ারেজের দল খেললেও চোটের জন্য মাঠে নামাটা অনিশ্চিত সুয়ারেজের। লাতিন আমেরিকার গ্রুপে এখনও অবধি ব্রাজিল রাশিয়া বিশ্বকাপের টিকিট যোগাড় করেছে। বাকি সবকটি দলই ভীষণ কাছাকিছি একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কলম্বিয়া, উরুগুয়ে, চিলি , আর্জেন্টিনা, পেরু , প্যারাগুয়ে সকলের মধ্যেই এক পয়েন্টের হেরফের। এদিন লাতিন আমেরিকা গ্রুপে জোর লড়াই। ভেনেজুয়ালা নামছে টেবলের দু নম্বরে থাকা কলম্বিয়ার বিরুদ্ধে। চিলি-র লড়াই হবে প্যারাগুয়ের সঙ্গে। তবে যে ম্যাচের দিকে সকলের নজর আটকে রয়েছে তা হল টেবলের তিন নম্বরে থাকা উরুগুয়ের বিরুদ্ধে পাঁচ নম্বরে থাকা আর্জেন্তিনার লড়াই।

লিওনেল মেসি হাড়ে হাড়ে জানেন তাঁর দল এই মুহূর্তে বেশ বিপদজনক জায়গায় রয়েছে। লাতিন আমেরিকা গ্রুপ থেকে চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপের টিকিট পাবে। অন্যদিকে পঞ্চম দলকে ওশিয়ানিয়া গ্রুপের দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে। সেই রাস্তায় আদতেই হাঁটতে চাইছেন না মেসি।
এদিকে উরুগুয়ের বিরুদ্ধে নামার আগে আর্জেন্টিনার প্রাথমিকভাবে স্বস্তিতে ছিল মেসি-র বার্সা সতীর্থ সুয়ারেজ চোটের জন্য খেলতে পারবেন না। কিন্তু ম্যাচের আগের দিন দলের সঙ্গে পুরো অনুশীলন করে যুদ্ধটাকে আরও জমিয়ে দিয়েছেন উরুগুয়ান স্ট্রাইকার।
এদিকে এদিনের ম্যাচে ২০ নম্বর জার্সি পড়ে খেলবেন সুয়ারেজ ও ৩০ নম্বর জার্সি পড়ে খেলবেন মেসি। নিজেদের চিরাচরিত জার্সি নাম্বারে দেখা যাবে না দুই মহাতারকাকে। আসলে ২০৩০-র বিশ্বকাপের জন্য বিড করবে উরুগুয়ে ও আর্জেন্তিনা। সেটা বোঝাতেই দুই তারকা এদিন অন্য জার্সি পড়ে খেলবেন।

অন্যদিকে গ্রুপ শীর্ষে থাকা ব্রাজিল অনেকটাই স্বস্তিতে। তাও জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য ইকুয়েডরের বিরুদ্ধে। রেকর্ড ট্রান্সফার মানির বিনিময়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার চাইছেন জয়ের ধারা বজায় রাখুক সাম্বা বাহিনী।
এদিকে ইউরোপের বি -বিভাগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামবেন পর্তুগালের জার্সি গায়ে। টেবলের দু'নম্বরে থাকা পর্তুগাল এদিন খেলবে ফারাও আইল্যান্ডের বিরুদ্ধে। ইউরোপীয় ফুটবলের মিনোস ফারাও আইল্যান্ড টেবলের চার নম্বরে রয়েছেন। এদিনের ম্যাচ তাই বড় গোলের ব্যবধানে জিতে রাখতে চাইছেন সিআর সেভেন।

এদিন ইউরোপের বিভাগ -এ তে দুই হেভিওয়েটের টক্কর। ফ্রান্স মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। নিজেদের গ্রুপে দুই ও তিন নম্বরে রয়েছে দুটি দল। এই গ্রুপে এক নম্বরে রয়েছে সুইডেন। ছটি ম্যাচের চারটি জিতেছে ফ্রান্স অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে নেদারল্যান্ডস জিতেছে তিনটি ম্যাচে।












Click it and Unblock the Notifications