পুরনো জুটিকে ফেরাতে মরিয়া সৌদির ক্লাব, রোনাল্ডোর পর নাসেরের টার্গেট সার্জিও রামোস
পুরনো জুটিকে ফেরাতে মরিয়া সৌদির ক্লাব, রোনাল্ডোর পর নাসেরের টার্গেট সার্জিও রামোস
নতুন আরও এক চমক দেওয়ার পথে হাঁটা শুরু দিল সৌদি আরবের ক্লাব আল নাসের। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভঙ্গের পর রেকর্ড ৪০০ মিলিয়নের পরিবর্তে দুই বছরের চুক্তিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়েছে আল নাসের। ভারতীয় মুদ্রায় রোনাল্ডোর বাৎসরিক বেতন দাঁড়াচ্ছে ১৭৭০ কোটি টাকা।

বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে সই করানোর পর আল নাসের পরবর্তী লক্ষ্য সার্জিও রামোস। স্পেনের জাতীয় দলের ডিফেন্ডার এবং প্রাক্তন রিয়াল মাদ্রিদের এই ফুটবলারকে সই করাতে সব রকম পদক্ষেপ গ্রহণ করছে সৌদি আরবের ক্লাবটি। রোনাল্ডোর সঙ্গে তাঁর দীর্ঘ দিনের বন্ধু এবং পুরনো সতীর্থকে আল নাসেরের জার্সিতে খেলাতে মরিয়া ক্লাব কর্তৃপক্ষ। মার্কার প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
বর্তমানে প্যারিস সাঁ জাঁ-এ খেলেন রামোস। যেই লিওনেল মেসিকে পুরো কেরিয়ারে আটকানোর চেষ্টা করে গিয়েছেন, ফুটবল যুবরাজের বিপক্ষেই তাঁকে দেখে অভ্যস্ত ফুটবল বিশ্ব, কিন্তু এখন সেই মেসির সঙ্গে একই দলের জার্সিতে খেলছেন রামোস। সূত্রের খবর, রামোস খুব একটা খুশি নন পিএসজি'তে। এই মরসুমেই শেষ হচ্ছে পিএসজি'র সঙ্গে রামোসের চুক্তি। নতুন করে রামোস চুক্তি নবীকরণ করবেন এমন কোনও সম্ভবনা নেই। চুক্তি হওয়ার পরই আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোয় রামোসের জন্য ঝাঁপাবে আল নাসের। সই করার পর থেকে খুব বেশি গত মরসুমে রামোস প্রথম একাদশে খেলার সুযোগ পাননি। কিন্তু এই বছর তিনি প্রায় প্রতি ম্যাচেই খেলছেন সেন্ট্রাল ডিফেন্সে। কিন্তু ফ্রান্সের রাজধানীতে আর খেলার ইচ্ছে নেই স্প্যানিস তারকা ডিফেন্ডারের।
সার্জিও রামোসকে সই করালে তিনি গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন আল নাসেরের জন্য এবং সামগ্রিক ভাবে আরবের ফুটবলকে পৌঁছে দিতে পারেন অন্যস্তরে। এমনিতেই রোনাল্ডোর সই আরবের ফুটবল নিয়ে সারা বিশ্বের কৌতুহল বাড়িয়ে দিয়েছে, এর পর যদি সার্জিও রানোস আসেন তা হলে তা অনেক বেশি প্রচার পাবে। রোনাল্ডোর সই নিশ্চিত ভাবে বহু তারকাকে প্রভাবিত করবে মধ্য প্রাচ্যে ফুটবল খেলার জন্য। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাই যথেষ্ট এই ক্লাবকে ট্রফি এনে দেওয়ার জন্য, সেখানে যদি রামোসকেও তারা পায় তা হলে বিধ্বংসী আক্রমণের পাশাপাশি প্রাচীর সম রক্ষণ নিয়ে আল নাসের খেলতে নামবে প্রতিপক্ষের বিপক্ষে। আপাতত এই সার্জিও রামোসের কথা জানাগেলেও অদূর ভবিষ্যতে আরও বড় নামকে এই ক্লাবে সই করতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।












Click it and Unblock the Notifications