কুলভূষণের ফাঁসি রদের প্রতিবাদে ভারতীয় ফুটবল ফেডারেশনের সাইট হ্যাক পাক হ্যাকারদের
কুলভূষণের ফাঁসি রদের প্রতিবাদে পাকিস্তানি হ্যাকাররা ভারতীয় ফুটবল ফেডারেশেন এআইএফএফের অফিসিয়াল সাইট হ্যাক করেছে। যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
পাকিস্তান ফাঁসি দিতে পারবে না ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে। কুলভূষণকে ফাঁসির আদেশ দেওয়া পাকিস্তানকে একথা জানিয়ে নির্দেশ দিয়েছে রাষ্ট্রসংঘ পরিচালিত আন্তর্জাতিক আদালত। কুলভূষণের ফাঁসির উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানি হ্যাকাররা ভারতীয় ফুটবল ফেডারেশেন এআইএফএফের অফিসিয়াল সাইট হ্যাক করেছে। যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি। এআইএফএফের তরফেও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

হ্যাকাররা সাইটে ভারত বিরোধী ও কুলভূষণকে নিয়ে ভারতের আবেদনের বিরোধিতা করে পোস্ট করেছে। ভারতীয় নেভির এই প্রাক্তন অফিসারকে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে ফাঁসির নির্দেশ দিয়েছে পাকিস্তানের সেনা আদালত।
এআইএফএফের সাইট যে হ্যাক হয়েছে তা প্রথমে টুইটে প্রকাশিত একটি ছবি থেকে জানা যায়। মঙ্গলবার রাত ৯টা নাগাদ হ্যাকিং করা হয় বলে খবর। তারপর থেকে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। হ্যাক করার পরে ওয়েবসাইটে অশ্লীল মসেজ পোস্ট করা হয়েছে। যার বেশিরভাগই ভারত বিরোধী উসকানিমূলক প্রলাপ ছাড়া আর কিছুই নয়।
প্রসঙ্গত, এর আগেও পাকিস্তানি হ্যাকাররা ভারতের অনেক ওয়েবসাইট হ্যাক করে খবরের শিরোনামে এসেছে। ফের একবার তারা একাজ করল বলে মনে করা হচ্ছে। তবে সরকারিভাবে বিবৃতির পরই হ্যাকিংয়ে পাক যোগ স্পষ্ট হবে।












Click it and Unblock the Notifications