সৌদি ফুটবল ফেডারেশনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই এআইএফএফ-এর, সন্তোষ ট্রফি আয়োজিত হবে আরব রাষ্ট্রে
সৌদি ফুটবল ফেডারেশনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই এআইএফএফ-এর, সন্তোষ ট্রফি আয়োজিত হবে আরব রাষ্ট্রে
সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর সভাপতি পদে দায়িত্ব নিয়ে একের পর এক ঐতিহাসিক কর্মকাণ্ড করে চলেছেন প্রাক্তন ভারতীয় গোলরক্ষক কল্যাণ চৌবে। তাঁর উদ্দ্যোগে বিশ্ব তথা এশিয়া ফুটবলের প্রথম সারির দেশ সৌদি আরবের সর্বোচ্চ ফুটবল সংস্থা সৌদি আরবিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে মউ চুক্তি সাক্ষরিত করল ফেডারেশন।

এই মউ চুক্তি এআইএফএফ-এর হয়ে সই করেন কল্যাণ চৌবে এবং সৌদি আরবিয়া ফুটবল ফেডারেশনের হয়ে সই করেন সংস্থার সভাপতি ইয়াসির আল-মিসাল। এ ছাড়া এআইএফএফ সচিব সাজি প্রভাকরণ এবং সৌদি ফুটবল ফেডারেশনের সচিব ইব্রাহিম আল কাসিম সই পর্বে উপস্থিত ছিলেন। বিবিধ বিষয় দুই দেশের ফুটবল ফেডারেশন একে অপরকে সাহায্য করতে চলেছে আগামী দিনে। টেকনিক্যাল সাপোর্ট, পুরুষ এবং নারী যুব ফুটবলের আয়োজন নিয়মিত ভাবে ফুটবল এবং গভার্নেন্স এক্সপার্টের সাহায্য পাওয়া সবই এই মউ-এর অঙ্গ। তবে, সব থেকে বড় যেটি এই চুক্তিকে ঐতিহাসিক বানায় তা হলো, এই মউ সাক্ষরের ফলে সন্তোষ ট্রফি ২০২৩ ফেব্রুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে সৌদি আরবে।
নক আউট পর্ব থেকে সৌদি আরবে আয়োজিত হতে চলেছে সন্তোষ ট্রফি। রাজ্য স্তরের ফুটবলারদের আরও বেশি উৎসাহিত করার জন্য এবং বিদেশে তাঁদের এক্সপোজার দেওয়ার লক্ষ্যেই এই পক্ষেপ সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের। পাশাপাশি সন্তোষ ট্রফি সৌদিতে আয়োজিত করা হলে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক যাঁরা সৌদিতে বসবাস করেন তাঁদের মধ্যেও ভারতীয় ফুটবলের প্রতি ভালবাসা জাগানো সম্ভব হবে। সৌদি আরবিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি এআইএফএফ-কে শুভেচ্ছাও জানিয়েছেন সফল ভাবে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করার জন্য।
ভারতীয় ফুটবল ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মউ সাক্ষর করে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, "ভারতীয় ফুটবলের জন্য মনে রাখার মতো একটি সিদ্ধান্ত এটি। আমাদের লক্ষ্য ভারতীয় ফুটবলের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করা এবং তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় সমর্থকদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমাদের লক্ষ্য বুঝতে পেরে সাফ যে ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই।"












Click it and Unblock the Notifications