AIFF: রেফারিদের ভুলের প্রমাণ দিয়েছে ক্লাবগুলি, রেফারিংয়ের মান বৃদ্ধিতে কড়া বার্তা ফেডারেশনের
রেফারিং নিয়ে সমস্যা ভারতীয় ফুটবলে নতুন কোনও বিষয় নয়। কিন্তু চলতি আইএসএলং এবং আই লিগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রেফারিং। দেশের ১ নম্বর লিগে প্রায় প্রতিটি ম্যাচে কার্ডের সংখ্যা যেমন বাড়ছে তেমনই দলগুলিও রেফারিং নিয়ে বার বার ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি ইস্টবেঙ্গল দল ভিডিও ফুটেজ সহ অভিযোগও জানিয়েছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে।
এই পরিস্থিতিতে রেফারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। রবিবার কল্যাণ চৌবের নেতৃত্বে বৈঠক হয় রেফারি প্রতিনিধিদের সঙ্গে। রেফারিদের কমিটির প্রতিনিধিদের সঙ্গেই হাজির ছিলেন চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটল। দেশে রেফারির মান পর্যালোচনা করতেই এই বৈঠকটি ডাকা হয়েছিল। আইএসএলের পাশাপাশি আই লিগেও রেফারিং নিয়ে অনেক অভিযোগ এসেছে।

খারাপ রেফারিংয়ের জন্য ফেডারশেনের পক্ষ থেকে সতর্ক করা হয় রেফারিদের। এমনকি সূত্রের খবর কল্যাণ চৌবে এই বৈঠকে বলেন, রেফারিদের একের পর এক ভুলের অকাট্য প্রমাণ দিয়েছে ক্লাবগুলি। ফলে আগামী দিনে ম্যাচগুলিতে রেফারিংয়ের মান বাড়াতে হবে। আই লিগ- আইএসএল সহ মোট ২৪টি ম্যাচের বিতর্কিত মুহূর্ত গুলি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।
বৈঠক শেষে কল্যাণ চৌবে জানিয়েছেন, অভিযোগ এবং পাল্টা দাবি সহ রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা গেছে চলতি মরসুমে। ক্লাবগুলি তাদের দাবির সমর্থনে ভিডিও আকারে শক্তপোক্ত প্রমাণ জমা দিয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে রেফারিদের ভুল সিদ্ধান্তের কারণে বেশ কয়েকটি ম্যাচ প্রভাবিত হয়েছে। রেফারিরা আমাদের প্রত্যাশিত মান অনেকক্ষেত্রেই পূরণ করতে পারেননি।
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচে ৭টি লাল কার্ড ও ৭টি হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড গড়েছেন রেফারি। আইএসএলের ইতিহাসে এর আগে কোনও ম্যাচে ১৪ কার্ড দেখানো হয়নি। তারপর ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচেও রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছিল।
সম্প্রতি, এআইএফএফ রেফারিদের প্রশিক্ষণের জন্য পাঁচটি জোনাল রেফারি ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করেছে, যা সারা দেশে রেফারি কোর্স প্রদানের উপর অনেক গভীর প্রভাব ফেলবে বলেই ফেডারেশন আশা করছে।












Click it and Unblock the Notifications