ভারতীয় ফুটবল দল কি নির্বাসিত হতে চলেছে? ফিফা ও এএফসি প্রতিনিধির সফরের আগে কোন কৌশল প্রশাসকদের?
সুপ্রিম কোর্টের নির্দেশে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আপাতত ন্যাশনাল স্পোর্টস কোড ও মডেল গাইডলাইন মেনে কাজ করার জন্য ফেডারেশনের দায়িত্বে শীর্ষ আদালত নিযুক্ত তিন সদস্যের প্রশাসকমণ্ডলী। আর তাতেই আশঙ্কা তৈরি হয়েছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। এই আবহে পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী মাসেই ভারত সফরে আসছেন ফিফা ও এএফসির দুই প্রতিনিধি।

সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসের সদস্য তথা প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক ড. এস ওয়াই কুরেশি জানিয়েছেন, এআইএফএফের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই। ফলে সেপ্টেম্বরের মধ্যেই নবনির্বাচিত কমিটি গঠন হয়ে যাবে। ২১ জুলাই পরবর্তী শুনানির আগে ১৫ জুলাই শীর্ষ আদালতে ড্রাফট মডিফিকেশন জমা দেবে প্রশাসকমণ্ডলী বা সিওএ। ইতিমধ্যেই একটি খসড়া সংবিধান শীর্ষ আদালতে জমা দেওয়া হলেও তা আগে আদালতের নির্দেশ জনসমক্ষে আনা হয়নি। কিন্তু এখন আদালত তা প্রকাশ্যে আনার অনুমতি দিতেই আমরা নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছি, বেশ কিছু পরামর্শ বা ফিডব্যাক চেয়েছি। আশা করছি, নতুন অনুমোদিত সংবিধানটিও তৈরি হয়ে যাবে মসৃণভাবেই। তখনই নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শুরু করা হবে। দ্রুত তা সেরে ফেলতে সবরকম চেষ্টা চালানো হবে। নির্বাচনের পর কমিটি গঠিত হলেই এই প্রশাসকমণ্ডলীর আর দরকার হবে না বলেও জানান কুরেশি।
কুরেশি ছাড়াও এই প্রশাসকমণ্ডলীতে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায় ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ আর দাভে। কুরেশি জানান, ১১ জুন ফিফা ও এএফসির দুই প্রতিনিধি আসবেন। তার আগে আমরা প্রশাসকমণ্ডলীর তিন সদস্য একত্রিত হয়ে এআইএফএফের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব নিজেদের মধ্যে। তারপর ওই প্রতিনিধিদলের মুখোমুখি হয়ে তাঁদের জিজ্ঞাস্য সব কিছু সম্পর্কে তথ্য তুলে ধরব। জানানো হবে শীর্ষ আদালতের নির্দেশ সংক্রান্ত যাবতীয় বিষয়ও।
ভারতীয় দলকে ফিফা বা এএফসির নির্বাসনের মুখে পড়তে হবে না বলেও আশাবাদী কুরেশি। তিনি বলেন, প্রফুল প্যাটেল ইতিমধ্যেই ফিফাকে চিঠি দিয়ে আদালতের রায় ও তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করেছেন। তারপরও তাদের কোনও সংশয় থাকলে তা দূর করতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে। ফলে মুখোমুখি সাক্ষাতের পরেই আর কোনও সংশয় থাকবে না। ফিফাকে প্রশাসকমণ্ডলী পূর্ণ সহযোগিতা করবে বলেও জানিয়েছেন এই গুরুত্বপূর্ণ সদস্য। আগামী বছর অবধি ভারতীয় ফুটবল দলের ক্রীড়াসূচি অনুযায়ী যাবতীয় প্রস্তুতি যাতে মসৃণভাবে চলে তাও সুনিশ্চিত করবে প্রশাসকমণ্ডলী। আর্থিক বিষয়গুলিও গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ পদক্ষেপ করা হবে।












Click it and Unblock the Notifications