AIFF Meeting: রেফারিংয়ের মান নিয়ে প্রচুর অভিযোগ! নড়েচড়ে বসে কোন পদক্ষেপ এআইএফএফের?
AIFF Meeting: ভারতে রেফারিংয়ের মান নিয়ে প্রভূত অভিযোগ জমা পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। তার মধ্যে রয়েছে আইএসএলের বিভিন্ন ক্লাবের তরফে জমা করা অভিযোগ।
অবশেষে নড়েচড়ে বসল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। রেফারি ও রেফারিদের মান নির্ধারকদের নিয়ে বৈঠকের ডাক দেওয়া হলো চলতি বছরের শেষ দিনেই।

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে এই বৈঠকের ডাক দিয়েছেন। রেফারিদের কমিটির প্রতিনিধিদের সঙ্গেই হাজির থাকবেন চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটল। দেশে রেফারির মান পর্যালোচনা করতেই ৩১ ডিসেম্বর এই বৈঠকটি ডাকা হয়েছে। পরিস্থিতি যাচাই করে কোন পথে এগোতে হবে তার রূপরেখা চূড়ান্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক।
সাম্প্রতিককালে রেফারির নানা সিদ্ধান্ত নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। রেফারিংয়ের মান নিয়েই দেখা দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। বিভিন্ন টুর্নামেন্টের পাশাপাশি আইএসএল থেকেও জমা পড়েছে প্রচুর অভিযোগ। সম্প্রতি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচে সাতজনকে লাল ও সাতজনকে হলুদ কার্ড দেখানো হয়েছে।
ইস্টবেঙ্গলের তরফেও তাদের এফসি গোয়া ম্যাচের রেফারিং নিয়ে অভিযোগ জমা পড়েছে ফেডারেশনে। চলতি মাসেই কল্যাণ চৌবে রেফারিদের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তুরস্কের সুপার লিগের ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্ত নিয়ে জোর হাঙ্গামা বাঁধে, আক্রমণের নিশানায় ছিলেন রেফারিরা। তারপরই কল্যাণ ওই বার্তা দেন।
যদিও তারপরও আইএসএল-সহ নানা টুর্নামেন্টে রেফারি নিয়ে বিতর্কে ইতি পড়েনি। আইএসএলের পাশাপাশি আই লিগেও রেফারিং নিয়ে অনেক অভিযোগ এসেছে। এই আবহে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছেন ফেডারেশন সভাপতি। পরিস্থিতি বদলাতে কী করণীয় রেফারিদের সঙ্গেই তা নিয়ে বিস্তারিত আলোচনা করে উপায় বের করতে চাইছেন কল্যাণ।












Click it and Unblock the Notifications