AFC Cup: মরিয়া এটিকে মোহনবাগানকেই ভয় বসুন্ধরা কোচের, এএফসি কাপে টিকে থাকতে জিততেই হবে সবুজ-মেরুনকে
AFC Cup: মরিয়া এটিকে মোহনবাগানকেই ভয় বসুন্ধরা কোচের, এএফসি কাপে টিকে থাকতে জিততেই হবে সবুজ-মেরুনকে
এটিকে মোহনবাগানকে এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। আই লিগ জয়ী গোকুলাম কেরলের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গণে ২-৪ গোলে পরাস্ত হয়েছে। এই পরিস্থিতিতে নক আউট পর্বে পৌঁছতে হলে পরবর্তী দু'টি ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে জিততেই হবে সবুজ-মেরুন'কে।

শনিবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান। হারের ধাক্কা কাটিয়ে উঠে এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলে নেওয়াই জুয়ান ফেরান্দোর প্রধান লক্ষ্য। ম্যাচের আগে দিন সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ জানিয়েছেন, যে কোনও মূল্যে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তাঁদের প্রয়োজন। ম্যাচের আগের দিন অনুশীলনে সেটপিসের উপর বেশি জোর দিতে দেখা গিয়েছে সবুজ-মেরুন কোচকে। পাশাপাশি পজিশানাল ফুটবলের মহড়া চলেছে। রক্ষণভাবে বসুন্ধরার বিরুদ্ধে দলে পরিবর্তন আনতে পারেন জুয়ান ফেরান্দো, সেই ইঙ্গিত ছিল শুক্রবার এটিকে মোহনবাগানের অনুশীলনে।
"আমরা সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। জয়টাই আমাদের লক্ষ্য। বসুন্ধরা যথেষ্ট ভাল দল, তা আমরা জানি। ওরা ওদের দেশে চ্যাম্পিয়ন। তবে আমরা আমাদের পরিকল্পনা ও খেলার ধরণ নিয়ে বেশি ভাবছি।" গত ম্যাচে রক্ষণ ভাগে ঘাটতি থাকার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছে মোহনবাগান'কে। এই প্রসঙ্গে ফেরান্দো বলেন, "আমরা আমাদের পরিকল্পনা মাফিক খেলব। কিছু ছোট-খাটো ব্যাপারে আরও নজর দিতে হবে। ফুটবলে এমন হয়েই থাকে। এরকম পরিস্থিতি আসে। যখন নিজেদের পরিকল্পনা বদলাতে হয় আবার কখনও ঝুঁকিও নিতে হয়। কখনও সাফল্য আসে আবার কখনও আসে না। এটাই ফুটবল। দলের ছেলেদের প্রতি আমার আস্থা আছে। ওরা সেরাটা দিতে চায়। আশা করি, গত ম্যাচের চেয়ে আমরা কাল অনেক ভাল খেলব।" তিরি'র পাশাপাশি চোট পেয়েছেন হুগো বুমোস'ও। সেই নিয়ে এই কোচ বলেন, "বুমোস বর্তমানে অনেকটাই সুস্থ। পরের দিন ওর চোটটা খতিয়ে দেখব। যদি পুরোপুরি ও সুস্থ থাকে, তা হলে খেলাবো।"

অপর দিকে, প্রতিপক্ষ এটিকে মোহনবাগান শেষ ম্যাচে হারলেও আইএসএল-এর এই দলের যোগ্যতা এবং দক্ষতার বিষয়ে বেশ ভাল মতোই ওয়াকিবহল বসুন্ধরা কিংস-এর কোচ অস্কার ব্রুজোন। একেবারেই তিনি হালকা ভাবে নিতে নারাজ রয় কৃষ্ণ-প্রীতম কোটালদের। বরং তাঁদের বিরুদ্ধে জয় পেতে মোহনবাগান যে মরিয়ে হয়ে থাকবে তা পইপই করে ছেলেদের বুঝিয়ে দিয়েছেন। অনুশীলনে ডিফেন্সিভ শেপ ঠিকরাখার উপর জোর দিতে দেখা গিয়েছে স্প্যানিশ কোচকে। পাশাপাশি প্রতিআক্রমণ নির্ভর ফুটবলের ক্ষেত্রে দলগুলি যে স্ট্র্যাটেজ নেয় সেই রক্ষণ সামলিয়ে আক্রমণে ওঠার ক্ষেত্রে কৌশলেও শান দিয়ে নেন তিনি। মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ১-০ গোলে হারিয়ে এএফসি কাপে অভিযান শুরু করেছে বসুন্ধরা কিংস। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পয়েন্ট তুলে নিতে পারলে পরবর্তী রাউন্ডের দরজা এক প্রকার খুলে যাবে তাদের কাছে।












Click it and Unblock the Notifications