AFC Cup: ওডিশার কাছে ৫ গোল হজম! এগিয়ে গিয়েও এএফসি কাপ থেকে বিদায় মোহনবাগান সুপার জায়ান্টের
AFC Cup: এএফসি কাপ থেকে বিদায় মোহনবাগান সুপার জায়ান্টের। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ওডিশা এফসির কাছে ২-৫ গোলে পরাস্ত হুয়ান ফেরান্দোর দল।
এই ম্যাচের আগে বসুন্ধরা কিংস ঢাকায় ২-১ গোলে মাজিয়াকে হারিয়ে দেওয়ায় ওডিশা ও মোহনবাগান সুপার জায়ান্টকে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে তিন পয়েন্ট আদায় করতেই হতো। ওডিশা লক্ষ্যে সফল হতেই স্বপ্নভঙ্গ বাগানের।

চোট সমস্যায় জর্জরিত দল। ফলে আশিক কুরুনিয়ান, আনোয়ার আলি, মনবীর সিং, দিমিত্রি পেত্রাতসের মতো ফুটবলারদের এই ম্যাচেও পাননি হুয়ান ফেরান্দো। ১৭ মিনিটের মাথায় হুগো বুমোসের গোল এগিয়ে দেয় সবুজ মেরুনকে। যদিও বিরতির আগে তিন গোল হজম করে প্রবল চাপে পড়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট।
২৯ মিনিটে বাগানেরই প্রাক্তনী রয় কৃষ্ণর গোলে সমতা ফেরায় ওডিশা। ৩২ মিনিটে দিয়েগো মরিসিওর গোল। ৭১ মিনিটে সাই গডার্ডের গোল। হাফ টাইমে ৩-১ গোলে এগিয়ে ছিল ওডিশা এফসি। দ্বিতীয়ার্ধে বাগান ৬৩ মিনিটের মাথায় ব্যবধান কমাতে সক্ষম হয় কিয়ান নাসিরির গোলে। কিন্তু ইনজুরি টাইমে ওডিশা এফসি দু-বার বাগানের জালে বল জড়ায়। এই জোড়া গোল হজমের বাগানকে দিল পাঁচ গোলের লজ্জা।
৯০ মিনিট অবধি খেলার ফল ছিল ৩-২। ইনজুরি টাইমের ২ মিনিটের মাথায় অনিকেত যাদব ওডিশা এফসির হয়ে চতুর্থ গোলটি করেন। এর মিনিট তিনেক পরেই দলের পঞ্চম গোলটি করে যান ইসাক ভানলালরুয়াতফেলা। দ্বিতীয়ার্ধে মোহনবাগান সুপার জায়ান্ট আক্রমণাত্মক ফুটবল খেললেও ভাগ্য সঙ্গ দেয়নি।
লিস্টন কোলাসোর ফ্রি কিক ক্রসবারে প্রতিহত হয়। বুমোসের ক্রস থেকে গোল করার পর কিয়ান সমতা ফেরানোর আরও একটি ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু জালে জড়াতে পারেননি। সাহাল আবদুল সামাদের প্রয়াসও বারে প্রতিহত হয়। প্রতি-আক্রমণে সুযোগ এসেছিল ওডিশার কাছেও। কিন্তু তারাও ইনজুরি টাইমের আগে চতুর্থ গোলটি করতে পারেনি।
আজকের ম্যাচ জিতলে মোহনবাগান সুপার জায়ান্ট পয়েন্ট তালিকায় ধরে ফেলত বসুন্ধরা কিংসকে। বসুন্ধরা ৫টি ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে রইল বাগান। বসুন্ধরার গোলপার্থক্য ১ (১০-৯), বাগানেরও আজকের বড় হারের পর গোলপার্থক্য ১ (১৬-১২)।
ওডিশা এফসি ৫ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো। ১১ ডিসেম্বর নিজেদের মাঠে বসুন্ধরার মুখোমুখি হবে ওডিশা। সেই ম্যাচ ড্র হলে ইন্টার-জোন সেমিফাইনালে চলে যাবে বসুন্ধরা। সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে ওডিশার চাই শেষ ম্যাচে জয়। মোহনবাগান সুপার জায়ান্ট শেষ ম্যাচ খেলবে মালদ্বীপে মাজিয়ার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications