AFC Cup: এএফসি কাপে মাজিয়া ম্যাচে ফেভারিট মোহনবাগান SG, বিপক্ষকে সমীহ করে ফেরান্দোর কোন স্ট্র্যাটেজি?
AFC Cup: এএফসি কাপের ম্যাচে কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিরুদ্ধে। সাউথ জোনের গ্রুপ ডি-র দ্বৈরথে।
নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয় তুলে নিয়েছে। আইএসএল ও এএফসি কাপের ম্যাচ মিলিয়ে ১১টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছে সবুজ মেরুন। মাজিয়া তাদের শেষ পাঁচটি ম্যাচে চারটিতে জয় ছিনিয়ে নিয়েছে। তবু মোহনবাগান সুপার জায়ান্ট নামবে ফেভারিট হিসেবেই।

মোহনবাগান সুপার জায়ান্ট কালকের ম্যাচ ড্র হলেও শীর্ষস্থান ধরে রাখতে পারবে। কেন না, প্রথম ম্যাচে হুয়ান ফেরান্দোর দল ওডিশা এফসিকে হারিয়েছে ৪-০ গোলে। মাজিয়া ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে। ফলে দুই দলের ঝুলিতেই তিন পয়েন্ট থাকলেও গোলপার্থক্যে এগিয়ে রয়েছে সবুজ মেরুন।
যেহেতু সাউথ জোন থেকে গ্রুপশীর্ষে থাকা দলই ইন্টার-জোন সেমিফাইনালে যাবে সেক্ষেত্রে তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে দুই দল। দিমিত্রি পেত্রাতস, সাহাল আবদুল সামাদ, লিস্টন কোলাসোরা ওডিশার বিরুদ্ধে এএফসি ম্যাচে গোল পেয়েছেন। হুগো বুমোস আইএসএলে বেঙ্গালুরু এফসি ম্যাচে গোল করেছেন। সবমিলিয়ে ফেরান্দোর দল স্বস্তিতেই রয়েছে।

ফেরান্দো আজ বলেন, মাজিয়া ম্যাচটা সহজ হবে না। কিন্তু যেহেতু আমরা ঘরের মাঠে খেলব, তাই তিন পয়েন্ট নিশ্চিত করতেই হবে। এই সপ্তাহে দুটো ম্যাচ খেলতে হবে। তবে এই মুহূর্তে এই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা পুরোপুরি তৈরি। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে প্রত্যেক ম্যাচে নামা খুবই জরুরি। না হলে ম্যাচ জেতা কঠিন হবে।
খেলোয়াড়দের শারীরিক দিকের চেয়ে মানসিক দিককেই গুরুত্ব দিচ্ছেন ফেরান্দো। সকলেই সেরাটা উজাড় করে দিতে চাইছেন। বাগান কোচের কথায়, মাজিয়া আগের চেয়ে উন্নতি করেছে। বসুন্ধরা কিংসের মতো দলকে হারিয়ে এসেছে। ভালো ফুটবলাররা রয়েছেন। তবে বিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজের দলের স্ট্র্যাটেজি তৈরিতেই মনোযোগ দিয়েছেন ফেরান্দো।
এএফসি কাপে ৬ বিদেশি নামানো যায়। ওডিশা ম্যাচে পাঁচ বিদেশিকে খেলালেও কাল ৬ জনকে নামাতে পারেন ফেরান্দো। তবে উইনিং কম্বিনেশন ভাঙবেন কিনা সেটাই দেখার। আজ সাংবাদিক সম্মেলনে ফেরান্দো এসেছিলেন ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে। তিনি বলেন, আমরা সেরাটা দিতে প্রস্তুতষ বাকিটা পরিস্থিতি ও প্রতিপক্ষের পারফরম্যান্সের উপর নির্ভর করছে।
পারস্পরিক দ্বৈরথের নিরিখেও এগিয়ে সবুজ মেরুন। ৬টি ম্যাচের তিনটিতেই জিতেছে পালতোলা নৌকো। গত মরশুমে বাগান জিতেছিল ৫-২ গোলে। মাজিয়া গোল পেতে নির্ভর করবে ভইস্লাভ বালাবানোভিচের উপর। বসুন্ধরা ম্যাচেও তিনি গোল করেছিলেন। হাসান নাজিম, আলি ফসিররাও ফারাক গড়তে পারেন মিলোমির সেসলিজার দলের হয়ে। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।












Click it and Unblock the Notifications