AFC Cup: মাজিয়ার বিরুদ্ধে মানরক্ষায় ব্যর্থ মোহনবাগান এসজি, হার দিয়েই শেষ এএফসি যাত্রা
এএফসি কাপের শেষ ম্যাচে মাজিয়ার কাছে হার মোহনবাগান এসজির। দুই দলেরই এএফসি কাপে আশা আগেই শেষ হয়েছিল। তবু শেষ ম্যাচ ছিল সবুজ মেরুনের কাছে মানরক্ষার। সিনিয়র নয় এই ম্যাচ খেলতে পাঠানো হয় যুব ফুটবলারদেরই। কিন্তু ০-১ গোলে হেরেই ফিরতে হচ্ছে সবুজ মেরুন ব্রিগেডকে। সেইসঙ্গে এবারের মতো এএফসি অভিযান সমাপ্ত হল বাগানের।
ওডিশার কাছে দ্বিতীয় পর্বের ম্যাচে ২-৫ গোলে হেরেই এএফসি থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় সবুজ মেরুনের। তাই মাজিয়ার বিরুদ্ধে শেষ তথা নিয়মরক্ষার ম্যাচ খেলতে পাঠানো হয় কলকাতা লিগে খেলা দলকে। কোচ জুয়ান ফেরান্দো দলের সঙ্গে মালদ্বীপ যাননি। তাঁর পরিবর্তে দলকে কোচিং করান ক্লিফোর্ড মিরান্ডা। ৪-৪-১-১ ছকে দল নামায় মোহনবাগান এসজি। সামনে থাকেন শুধু সুহেল ভাট।

গোল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মাজিয়ার সামনে। কিন্তু সেই যাত্রায় বিপদ থেকে রক্ষা পায় মোহনবাগান এসজি। ফলে ০-১ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে মোহনবাগান এসজি।
বিরতির পর অবশ্য ঝাঁঝ বাড়ায় সবুজ মেরুন। ৫০ মিনিটে টাইসন সিংয়ের বাঁ পায়ের শট বারে লেগে প্রতিহত হয়। এরপর দুই দলই একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে ১ গোলে হেরেই মাঠ ছাড়তে হল সবুজ মেরুনকে। সেইসঙ্গে কলকাতা এসে হারের বদলা নিজেদের ঘরের মাঠে নিল মাজিয়া।হারলেও এই ম্যাচ থেকে প্রাপ্তি বোধহয় আর্শ আনোয়ার শেখের পারফরম্যান্স। কলকাতা লিগে খুব একটা ভালো না খেললেও এই ম্যাচে সুযোগটা কাজে লাগালেন বাগান গোলরক্ষক।
মরসুমের শুরু থেকেই এএফসি কাপকে পাখির চোখ করেছিল মোহনবাগান এসজি। সেইজন্যে ভালো দলও গঠন করা হয়। ডুরান্ড কাপ জয় তারপর এএফসি কাপের শুরুটাও ভালো করেছিল সবুজ মেরুন। কিন্তু বাংলাদেশে গিয়ে বসুন্ধরার কাছে হার, তারপর ঘরের মাঠে ওডিশার কাছে বড় ব্যবধানে হার সব স্বপ্নে জল ঢেলে দিল বাগানের। এএফসির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল জুয়ান ফেরান্দোর দলকে।












Click it and Unblock the Notifications