AFC Cup 2023: কামিংস-সাদিকুর যুগলবন্দি, আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে মোহনবাগান
ডার্বি হারের ধাক্কা কাটিয়ে এএফসি কাপে তরতড়িয়ে এগিয়ে চলছে পাল তোলা নৌকা। যোগ্যতা নির্ণায়ক পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আবাহনী ক্লাবকে হারিয়ে ইন্টার জোনালের মূল পর্বে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের ফল ৩-১। নেপালের মাচিন্দ্রা ম্যাচের স্কোর লাইনই অপরিবর্তিত থাকল, শুধু পাল্টে গেল প্রতিপক্ষ।
বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডকে স্রেফ উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড।স্কোরশিটে নাম তুললেন মোহনবাগানের দুই বিদেশি স্ট্রাইকার সাদিকু এবং কামিংস। ক্রমশই যেন চেনা ছন্দে পাওয়া যাচ্ছে জুয়ান ফেরান্দোর দলকে। মঙ্গলবারের সন্ধ্যায় যুবভারতী দেখল ইউরো কাপার-বিশ্বকাপারের যুগলবন্দি।

বাংলাদেশের প্রতিপক্ষ দল নিয়ে কেন বাড়তি সতর্ক ছিল সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক । তার প্রমাণ পাওয়া গেল ম্যাচে। বাংলাদেশের দলটি শক্তিশালী স্কোয়াড নিয়ে খেলতে এসেছে। তার উপর শেষ ম্যাচের তারা মালদ্বীপের দল ঈগলকে হারিয়েছে। তার রেশ দেখা গেল মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচেও।
এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে যেন চেনা মোহনবাগানকে দেখা গেল। যদিও ম্যাচের শুরুটা হয়েছিল অন্যরকম ভাবেই। ১৭ মিনিটের মাথায় গোল হজম করল মোহনবাগান। বিশাল কাইথের ভুলের সুযোগ নিয়ে বাগানের জালে বল জড়ান কর্নেলিয়াস এজেকিয়েল।শুরুতেই গোল খেয়ে পিছিয়ে যায় সবুজ মেরুন। ফলে বেশ কিছুটা চাপে পড়ে যায় ফেরান্দোর দল।

সমর্থকদের মনে ডার্বি হারের স্মৃতি উকি দিতে শুরু করে। কিন্তু পিছিয়ে পড়েও এবার হাল ছাড়েনি লিস্টন-সাহালরা। পাল্টা আক্রমণে গি্য়ে আহাবনীর উপর চাপ সৃষ্টি করতে থাকে। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরালেন জেসন কামিংস। এরপর প্রথমার্ধে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সুবজ মেরুন ফুটবলাররা। ফলে ১-১ ফলে শেষ হয় প্রথম ৪৫ মিনিটের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দ্রুত গোলের লক্ষ্যে খেলা শুরু করে জুয়ান ফেরান্দোর ছাত্ররা। ৫৮ মিনিটে এগিয়ে যায় মোহমবাগান।
যদিও কামিংস-বুমোসের দুর্নত যুগলবন্দি। ফরাসির তারকার পাস থেকে নিজেদের গোলেই বল জড়াল ঢাকা আবাহনীর ফুটবলার মিলাদ। কয়েক মিনিটের ব্যবধানে ফের গোল মোহনবাগানের। সাদিকুর গোলে ম্যাচের ফলাফল দাঁড়াল ৩-১। সবুজ মেরুন জার্সিতে প্রথম গোল করে উচ্ছাসে ফেটে পড়লেন ইউরো কাপ খেলা এই ফুটবলার। ২ গোলের লিড নিয়ে জয় নিশ্চিত করে ফেলে সবুজ মেরুন।

এরপর কামিংসের বদলে কিয়ান এবং আশিস রাইয়ের পরিবর্তে হামতে নামলেন। শেষদিকে সহজ সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি। নয়ত আরও লজ্জার মুখে পড়তে হত ঢাকার ক্লাবকে। যদিও প্রথমে এগিয়ে যাওয়ার পর কিছুটা সময় আক্রমণের ঝাঁঝ থাকলেও বাকি সময় গোল আসেনি।












Click it and Unblock the Notifications