AFC Cup 2023: আশিকের পর ফের ধাক্কা মোহনবাগান সুপার জায়ান্টের, ওডিশা ম্যাচে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার
দুয়ারে কড়া নাড়ছে আইএসএল। কিন্তু তার আগে মোহনবাগান সুপার জায়ান্টের মিশন এএফসি। এই টুর্নামেন্টই চলতি মরসুমে মূল ফোকাস সবুজ মেরুন ব্রিগেডের। মঙ্গলবার এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ভুবনেশ্বরের মাঠে জুয়ান ফেরান্দোর দলের প্রতিপক্ষ ওড়িশা এফসি।
মরসুম শুরুর আগেই আশিক কুরুনিয়ানকে নিয়ে বড় ধাক্কা খেয়েছে সবুজ মেরুন শিবির। এবার এএফসি কাপের প্রথম ফের ধাক্কা খেতে হল মোহনবাগান এসজিকে। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় ওড়িশার বিরুদ্ধে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে শুভাশিসের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। শনিবার চোট পেয়েছিলেন সবুজ-মেরুন ক্যাপ্টেন। যদিও দলের সঙ্গে গিয়েছেন জাতীয় দলের এই ফুটবলার।

সোমবার দুপুরে ভুবনেশ্বরে পৌঁছায় জুয়ান ফেরান্দোর দল। বর্তমানে ভুবনেশ্বরে অত্যন্ত গরম। ফলে ম্যাচের আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ হুগো বুমোস-লিস্টন কোলাসোদের কাছে।মোহনবাগান এসজির কাছে পাখির চোখ এএফসি কাপ। সেই জন্যেই ৭০ কোটি টাকা দিয়ে দল গড়া হয়েছে। কোচ জুয়ান ফেরান্দো বার বার বুঝিয়ে দিয়েছেন সে কথা।
প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে স্প্যানিশ কোচ বলেন, 'আমরা বিগত কয়েক বছর ধরেই চেষ্টা করছি এএফসিতে ভালো ফল করার। চলতি বছরও সেই চেষ্টাই বজায় থাকবে। হয়ত চলতি মরসুমই সেই সময় যেবার আমরা এএফসি কাপ জিততে পারব। আমাদের লক্ষ্য এএফসি কাপ জেতা।'
আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে আইএসএল। সেই টুর্নামেন্টের পাশাপাশি চলবে এএফসি কাপ। দুটি টুর্নামেন্ট একসঙ্গে খেলা কতটা চ্যালেঞ্জের? এই প্রসঙ্গে জুয়ান ফেরান্দো বলেন, 'মোহনবাগান সুপার জায়ান্ট বড় দল। আমাদের ঘিরে প্রত্যাশাও থাকবে বেশি, এটা স্বাভাবিক, সব কিছুর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। প্রাক মরসুমে ডুরান্ড কাপ জয় দলকে ছন্দে দিয়েছে। সেটা ধরে রাখাই আমাদের লক্ষ্য।'
প্রতিপক্ষ দলে সার্জিও লোবেরারা মতো কোচ রয়েছে। তাই এই ম্যাচ মূলত দুই স্প্যানিশ কোচের রণকৌশলের লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে।

এএফসি কাপের গ্রুপ ডি-তে রয়েছে মোহনবাগান। সেই গ্রুপেই রয়েছে ভারতের আরও একটি ক্লাব ওড়িশা এফসি। একই সঙ্গে রয়েছে বসুন্ধরা কিংস এবং মাজিয়া। মোহনবাগান এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ১৯ সেপ্টেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে ভুবনেশ্বরে। এরপর ২ অক্টোবর জুয়ান ফেরান্দোর দল ঘরের মাঠে মাজিয়ার বিরুদ্ধে খেলবে।
কিংস কাপ খেলতে গিয়ে চোট পেয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের আশিক । কিংস কাপ খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ছে সবুজ মেরুনের এই তরুণ ফুটবলারের। শোনা যাচ্ছে তাঁর এসিএল হয়েছে।শুধু তাই নয়, আশিকের চোট সারতে সময় লাগলে ফেডারেশনের কাছে ক্ষতিপূরণও দাবি করতে পারে মোহনবাগান।












Click it and Unblock the Notifications