AFC Cup 2023: প্রতিপক্ষের ৯ বিদেশি! আশিক-দিমিত্রির খেলা নিয়ে কী জানালেন ফেরান্দো?
মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টের মিশন এএফসি পার্ট টু। প্রথম ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে জয় এসেছে। এবার মোহনবাগানের সামনে বাংলাদেশের দল আবাহনী। মঙ্গলবার বাংলাদেশের দলটির বিরুদ্ধে জিতলেই এএফসি কাপের ইন্টার জোনালের মূল পর্বে পৌঁছে যাবে সবুজ মেরুন ব্রিগেড। গত বছর বাংলাদেশের আবাহনীকে হেলায় হারিয়েছিল জুয়ান ফেরান্দোর দল।
গতবারের ফলাফল মন থেকে মুছে ফেলে মঙ্গলবারের ম্যাচেই ফোকাস করছেন জুয়ান ফেরান্দো। এই ম্যাচে আগে সবুজ মেরুন শিবিরের চিন্তা বাড়িয়েছে ফুটবলারদের ক্লান্তি এবং চোট। কলকাতা লিগ, ডুরান্ড কাপ এএফসি কাপ একসঙ্গে খেলতে হচ্ছে মোহনবাগানকে। স্বাভাবিকভাবেই ক্লান্তি কিছুটা হলেও গ্রাস করছে ফুটবলারদের।

ডুরান্ডে নক আউট করব ইতিমধ্যেই নিশ্চিত করেছে মোহনবাগান এএফসি ম্যাচের তিন দিনের মধ্যেই ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল খেলতে হবে সবুজ মেরুনকে তারই মধ্যে রয়েছে কলকাতা লিগের ম্যাচ। কিছুটা হলেও চিন্তার ভাঁজ স্প্যানিশ কোচের কপালে। যদিও মানিয়ে নেওয়া ছাড়া তাদের হাতে যে কোন বিকল্প নেই সেটা জানিয়ে রাখতে ভুল করলেন না মোহনবাগান হেড স্যার।
প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে কোচ জুয়ান ফেরান্দো বলেন, 'এটা কঠিন পর পর ম্যাচ খেলা। ডুরান্ড, এএফসির ম্যাচ, তার উপর আমাদের কয়েকজন ফুটবলার কলকাতা লিগেও খেলছে। কিন্তু সূচি আমাদের হাতে নেই। তাই মানিয়ে নিতে হবে।'
মাচিন্দ্রার বিরুদ্ধে ম্যাচের চোট পেয়েছিলেন আশিক কুরিয়ান। তার ওপর চোখে সংক্রমণ হয়েছে দিমিত্রির। দলের দুই তারকা ফুটবলারকে মঙ্গলবারের ম্যাচে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন জুয়ান ফেরান্দো। সেরা একাদশ গঠনের কথাই জানিয়ে দিয়ে গেলেন দলের হেডস্যার। ফেরান্দোর কথায়, 'আশিক বা দিমিত্রি মেডিক্যালি ফিট। তবে ওরা খেলবে কিনা সেটা চূড়ান্ত করে বলা যাচ্ছে না। সেরা একাদশই বেছে নেওয়া হবে।'

নয় জন বিদেশি নিয়ে কলকাতায় খেলতে এসেছে বাংলাদেশের আবাহনী দল ম্যাচে ছয় জনকে খেলানো যাবে। ভিসা সমস্যা কাটিয়ে সোমবার দুপুরে সব ফুটবলার কলকাতায় এসে পৌঁছান। এই দলের বিরুদ্ধে উঠেছে খেপের ফুটবলারদের সই করানোর অভিযোগ।
প্রতিপক্ষ দল নিয়ে এবার কিন্তু বাড়তি সতর্ক সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক । কোচ জুয়ান মানছেন এবার বাংলাদেশের দলটি শক্তিশালী স্কোয়াড নিয়ে খেলতে এসেছে। তার উপর শেষ ম্যাচের তারা মালদ্বীপের দল ঈগলকে হারিয়েছে। ফলে এই ম্যাচ তাঁর দলের জন্য কঠিন হতে চলেছে।
বাগান কোচের কথায়, 'প্রতিপক্ষ দল বেশ শক্তিশালী। আমি ওদের শেষ ম্যাচ দেখেছি। মাঠ খারাপ থাকা সত্বেও আবাহনী ভালো ফুটবল খেলেছে। আমাদের কাছে এই ম্যাচ বড় চ্যালেঞ্জ।'

কয়েক সপ্তাহ আগেই ডুরান্ড কাপের ম্যাচে বাংলাদেশের সেনা দলকে ৫-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন লিস্টন কোলাসো।। গত মরসুমের ব্যর্থতা ভুলে এবার শুরু থেকেই ছন্দে ফেরার আভাস দিচ্ছেন গোয়ানিজ এই তারকা। মঙ্গলবার এর ম্যাচে ফর্ম বজায় রাখতে বদ্ধ পরিকর লিস্টন।
বাগান তারকা বলছেন, 'আমার কাছে প্রতিটি ম্যাচই নিজেকে প্রমাণ করার। শেষ ম্যাচ ভুলে সামনে ফোকাস করি। আগামীকালের ম্যাচে ভালো পারফরম্যান্স করাই আমার লক্ষ্য।'












Click it and Unblock the Notifications