ACL 2: এসিএল থেকে নাম প্রত্যাহার মোহনবাগান এসজির! এএফসির ঘোষণায় ব্যাপক চাঞ্চল্য
আইএসএলে মহমেডানের বিরুদ্ধে জয়ের পরই দুঃসংবাদ মোহনবাগান এসজি শিবিরে। গত ২ অক্টোবর ইরানে নিরাপত্তাজনিত কারণে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে এসিএল টু-র ম্যাচ খেলতে যায়নি সবুজ মেরুন। কী হবে সেই ম্যাচের ভবিষ্যৎ তা নিয়ে জল্পনা চলছিল। এরইমধ্যে সোমবার এএফসির ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।
এএফসির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এসিএল টু থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কলকাতার ক্লাব মোহনবাগান এসজি। কিন্তু মোহনবাগান এসজির পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় এএফসির পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে যা অবাক করার মতোই।

সোমবার দুপুরে যে বার্তা এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে তাতে লেখা আছে, এএফসি নিশ্চিত হয়েছে যে মোহনবাগান এসজি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নিয়েছে। ক্লাবটি ২ অক্টোবর ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে তাদের গ্রুপ এ ম্যাচের জন্য ইরানের তাব্রিজে রিপোর্ট করতে ব্যর্থ হয়েছে।
ইরান জুড়ে অশান্ত পরিস্থিতিতে ফুটবলারদের সুরক্ষার কথা বিবেচনা করে ম্যাচ স্থগিত রাখার আবেদন জানিয়ে এএফসিকে চিঠি দিয়েছিল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। মোহনবাগান এসজির আবেদন এবং স্থগিত হওয়ার ম্যাচের ভাগ্য নির্ধারণ করে এএফসির বিশেষ কমিটি। এই কমিটির কাছে মোহনবাগান এসজি ইরানে না যাওয়ার বিষয়টি স্ববিস্তারে জানানো হয়েছিল। কমিটির পক্ষ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হল।
ইজরায়েলের আক্রমণে প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহ প্রধান। ফলে ইরানের পরিস্থিতি এখন একেবারেই অনুকূল নয়। ম্যাচের সময় সেই দেশে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক জারি করা হয়েছিল। সেই পরিস্থিতিতে সেখানে খেলতে গেলে ফুটবলারদের সুরক্ষা যে বিঘ্নিত হতে পারে সেই কথা জানিয়ে এএফসিকে চিঠি দেওয়া হয়েছে সবুজ মেরুনের পক্ষ থেকে।
এএফসির ঘোষণায় এসিএলের স্বপ্নভঙ্গ হল মোহনবাগানের। তাদের অর্জিত সব পয়েন্ট কেটে নেওয়া হল। যদিও পাল্টা আবেদেন বা ফিফার দ্বারস্থ হতে পারে মোহনবাগান এসজি। গত মরশুমে লিগ শিল্ড জয়ের ফলে এসিএল টু-তে খেলার ছাড়পত্র পায় মোহনবাগান এসজি। ১ ম্যাচ খেলার পরই এসিএলের স্বপ্নে ধাক্কা মেরিনার্সদের।












Click it and Unblock the Notifications