AFC Champions League-2: মোহনবাগান এসজি গোলশূন্য ড্র করল রাভশনের বিরুদ্ধে, সুযোগ নষ্টের প্রদর্শনীতে অধরা জয়
AFC Champions League-2: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-র গ্রুপ এ-র ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট হারাতে পারল না তাজিকিস্তানের এফসি রাভশনকে। ম্যাচ শেষ হলো গোলশূন্যভাবে।
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়া ম্যাচটির প্রথমার্ধে দাপট ছিল রাভশনেরই। তারাও যে আহামরি ফুটবল খেলেছে তা নয়। বাগানের খেলাতেই হতাশ ভক্তরা। একাধিক সুযোগ নষ্টের জেরে অধরা থাকল জয়।

প্রথমার্ধের শুরুতে দুই দলই ছন্নছাড়া ফুটবল খেলে। যদিও ক্রমেই ম্যাচের রাশ হাতে নেয় রাভশন। ২৬ মিনিটে ফ্রি কিক থেকে গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনননি নাজারভ। এর মিনিট খানেক পরেই রাহিমভের শট রুখে দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ।
জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতস মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে কয়েকটি সুযোগ তৈরি করলেও তা বারবার প্রতিহত হচ্ছিল স্যামুয়েল ওফোরির নেতৃত্বাধীন রাভশনের রক্ষণে। প্রথমার্ধে দল প্রত্যাশিত ফুটবল খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তনের পথে হাঁটেননি বাগান কোচ হোসে মোলিনা।
যদিও রাভশন দুটি পরিবর্তন করে বিরতির পরেই। দ্বিতীয়ার্ধেও রাভশনের গোলকিপার ইয়েভেন রিতসেঙ্কোকে সেভাবে সমস্যায় ফেলতে পারছিলেন না বাগানের ফুটবলাররা। ফলে ১৮ মিনিট পর দুটি পরিবর্তন করেন মোলিনা। লিস্টন কোলাসো ও লালেংমাউইয়া রালতেকে নামানো হয় সাহাল আবদুল সামাদ ও অনিরুদ্ধ থাপার জায়গায়।
এরপর বাগানের ফুটবলে কিছুটা ছন্দ ফেরে। যদিও এরই মধ্যে ৭৬ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন জেসন কামিংস। এরপর আরও দুটি পরিবর্তন আনেন বাগান কোচ। ৭৭ মিনিটে মনবীর সিং ও দীপক টাংরিকে তুলে নামান গ্রেগ স্টুয়ার্ট ও অভিষেক সূর্যবংশীকে।
৮৭ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের থেকে বল পেয়েও গোল করতে ব্যর্থ হন লিস্টন কোলাসো। এর সামান্য পরেই স্টুয়ার্টের থেকে বল পেয়ে তা তিন কাঠিতে রাখলেও অফ-সাইডের কারণে দিমিত্রি পেত্রাতসের প্রয়াস বাতিল হয়।
ম্যাচের নির্ধারিত সময়ের শেষ লগ্নে স্টুয়ার্টের থেকে বল পেয়ে গোল করার চেষ্টা করছিলেন পেত্রাতস। পড়ে গিয়ে পেনাল্টির আবেদনও জানান। তবে কর্ণপাত করেননি রেফারি। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে। ম্যাকলারেনকে এদিন খেলাননি মোলিনা। ছিলেন না রড্রিগেজও।












Click it and Unblock the Notifications