ACL 2: এএফসির সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন দেবাশিস দত্ত, ওডিশা ম্যাচে খেলতে পারবেন তারকা বিদেশি?
ইরানে খেলতে না যাওয়ার কারণে ইতিমধ্যেই মোহনবাগান এসজিকে এসিএল ২ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি। মোহনবাগান এসজির ইরানে খেলতে না যাওয়ার বিষয়টি অভূতপূর্ব পরিস্থিতি হিসেবে চিহ্নিত করেছে এএফসি কম্পিটিশন কমিটি। এরফলে হিসেব মতো আর্থিক শাস্তির মুখে পড়তে হল না সবুজ মেরুনকে। কিন্তু এসিএল খেলা থেকে সুযোগও হারিয়েছে সবুজ মেরুন।
সোমবার সন্ধ্যায় মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'এএফসির কিন্তু মোহনবাগান এসজির দাবিকে মেনে নিয়েছে। এএফসির পক্ষ থেকে আমাদের কোনও শাস্তি দেওয়া হয়নি। কিন্তু যেহেতু মোহনবাগান এসজি একটি ম্যাচ থেকে নাম তুলে নিয়েছে ফলে এএফসির আইন অনুসারে বলা হয়েছে আর কোনও ম্যাচ খেলতে পারবে না এই মরশুমে। কিন্তু নাম তুলে নেওয়ার ক্ষেত্রে অনেক কড়া শাস্তি আছে। সেটা আমাদেরকে দেয়নি এএফসি।'

মূলত এসিএল টু-তে খেলানোর জন্য খেলার জন্য সপ্তম বিদেশি হিসেবে নুনো রেইসকে দলে সই করিয়েছিল মোহনবাগান এসজি । প্রায় দেড় মাস ধরে দলের সঙ্গে রয়েছেন পর্তুগালের এই ফুটবলার। দলের বাকি ফুটবলারদের সঙ্গে অনুশীলন করলেও কিন্তু এখনও তাঁকে আইএসএলে রেজিস্ট্রেশন করানো হয়নি। কারণ দলের ছয় বিদেশি কোটা ইতিমধ্যেই পূর্ণ।
একটা সময় জেসন কামিংসের পরিবর্তে নুনো রেইসকে আইএসএল রেজিস্টার করানোর কথা শোনা গেলেও সেটা স্পষ্ট নয়। বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হয়তো তাঁকে লোন ডিলে অন্যত্র পাঠাতে পারে সবুজ মেরুন। এই প্রসঙ্গে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, এই নিয়ে আমার কোনও কিছু জানা নেই। জানলে আপনাদের বলব। তবে সোশ্যাল মিডিয়ায় রোজ নিত্য নতুন খবর শুনি।'
সবুজ মেরুনের পরবর্তী ম্যাচ রয়েছে ১০ নভেম্বর, প্রতিপক্ষ ওড়িশা এফসি। সেই ম্যাচ জিততে পারলেই শীর্ষে থাকা বেঙ্গালুরুর সঙ্গে সমান পয়েন্ট হয়ে দাঁড়াবে মোলিনার দলের। এই ম্যাচের আগে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে স্বস্তি সবুজ মেরুন শিবিরে। চোট থাকলেও এদিন মাঠে নামেন, হালকা হাঁটেন এবং দৌড়ান। তাঁর এমআরআই রিপোর্টে কিছু আসেনি। ফলে আগামী ২ বা তিন দিনের মধ্যেই পুরো দমে অনুশীলন করতে পারেন তারকা বিদেশি। ফলে ওডিশা ম্যাচে তাঁর খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা থাকার কথা নয়।












Click it and Unblock the Notifications