রোনাল্ডোর সই হয়ে গিয়েছে জুভেন্তাসে, জানালেন প্রাক্তন সিইও
জুভেন্তাসের প্রাক্তন সিইও লুসিয়ানো মোগির জানিয়ে দিলেন, ইতিমধ্যেই জুভেন্তাসের হয়ে সই করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করে জুভেন্তাসে সই করতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সম্প্রতি বেশ কিছু দিন ধরেই চলছিল এই জল্পনা। সত্যি-মিথ্যা বিচার না করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই খবর।

কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে জুভেন্তাসের প্রাক্তন সিইও লুসিয়ানো মোগির জানিয়ে দিলেন, ইতিমধ্যেই জুভেন্তাসের হয়ে সই করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৮০ বছর বয়সী মোগি বলেন, 'আমার মতে ইতিমধ্যেই জুভেন্তাসের হয়ে সই করে দিয়েছেন রোনাল্ডো এবং মিউনিখে প্রত্যেকটি মেডিক্যাল পরীক্ষাতেও তিনি পাস করেছেন। জুভেন্তাসেরই বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে কথা বলে এটা আমার মনে হয়েছে।'
তাঁর আরও সংযোজন, 'পর্তুগিজ তারকা সঙ্গে চার বছরের চুক্তি পাকা করেছে জুভেন্তাস। প্রতি বছর ৩০ মিলিয়ান ইউরো খরচ করা হবে সিআর ৭-এর বেতন হিসেবে।'
১৯৯৪ থেকে ২০০৬ পর্যন্ত জুভেন্তাসের দায়িত্বে থাকা মোগির আরও জানান, টিনেজার অবস্থায়েই রোনাল্ডোকে জুভেন্তাসে নিয়ে আসার চেষ্টা করে ছিলেন তিনি। কিন্তু কোনও কারণে তা ব্যর্থ হয়। তবে, তিনি আশাবাদী ৩৪ বছর বয়স হলেও জুভেন্তাসে নিজের সেরা ফুটবলটাই খেলবেন রোনাল্ডো।
বেশ কিছু ইতালীয় সংবাদ মাধ্যমের খবর, টাকার জন্য নয়, জুভেন্তাস রিয়াল তারকা যে সম্মান দিতে চেয়েছেন তাতেই খুশি হয়ে ক্লাব বদলের সিদ্ধান্ত নাকি নিয়েছেন রোনাল্ডো।
যদিও সরকারী ভাবে জুভেন্তাসের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি এই বিষয়ে।












Click it and Unblock the Notifications