মুম্বইতে মেগাস্টার, বিশ্বকাপের ট্রফির আবরণ উন্মোচনে হাজির ভালদেরামা-মরিয়েন্তেসরা
ট্রফি ঘুরছে সব ভ্যেনুতে, তবে অনুর্ধ্ব ১৭ ট্রফি উন্মোচন ঘিরে মুম্বইতে মেগা আয়োজন, বিশ্বকাপাররা থাকছেন আকর্ষণ বাড়াতে।
বিশ্বকাপ না হক মিনি বিশ্বকাপ তো বটে। আর তাতেই একবার চাঁদের হাট বসে যাচ্ছে ভারতে। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রমোশানমূলক অনুষ্ঠানের জন্যই ভারতে আসতে চলেছেন আরও তারকারা।

বিশ্বকাপের টিকিট মুক্তি পেয়েছিল কার্লোস পিওলের হাত ধরে। এছাড়াও এসেছেন ক্যাম্বিয়াসো, কানু। এবার ভারতীয় ফুটবলপ্রেমীদের মন মাতাতে আসছেন পাঁচ বিশ্বকাপার ফুটবলার কার্লোস ভালদেরামা, ফার্নান্দো মরিয়েন্তেস, মার্সেল দেশাই, জর্জ ক্যাম্পোস, ইমানুয়েল আমুনি।

নবি মুম্বইয়ে ৬ সেপ্টেম্বর অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের দিন পাঁচ বিশ্বকাপার হাজির থাকবেন। একই সঙ্গে ওইদিন তাঁরা একটি প্রদর্শনী ম্যাচেও অংশ নেবেন ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। কলম্বিয়ান বিশ্বকাপার ভালদেরামা খেলেছেন তিনটি বিশ্বকাপে।

স্প্যানিশ ফুটবলার মরিয়েন্তেস খেলেছেন দুটি বিশ্বকাপ। তাছাড়া রিয়েল মাদ্রিদ জার্সিতে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য দেশাই। ফিফা কনফেডারেশন কাপে দেশকে নেতৃত্বও দেন। মেক্সিকোর ক্যাম্পোস ৯৪ ও ৯৮ বিশ্বকাপে খেলেছেন। নাইজেরিয়ার জার্সিতে ৯৪ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ছাড়াও ৯৬ অলিম্পিকে সোনা জয়ী দলের সদস্য আমুনিকে। কোচ হিসেবে সাফল্য ঈর্ষণীয়। ২০১৫-এর চিলির অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে নাইজেরিয়া চ্যাম্পিয়ন হয়েছেন আমুনিকের কোচিংয়ে।
ভারতে আসা নিয়ে উত্তেজিত ভালদেরামা। তিনি জানিয়েছেন, 'ভারতের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন ফুটবলের ইতিহাসে একটা মাইলফলক। আমি ভারতে যেতে মুখিয়ে আছি। ' ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলের মতে, 'দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন ঘিরে রীতিমতো সাড়া পড়েছে। নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ফুটবলের প্রচার ও প্রসারের ক্ষেত্রে মুম্বইয়ে পাঁচ বিশ্বকাপারের আসাটা একটা বড় প্রাপ্তি।'












Click it and Unblock the Notifications