জনপ্রিয়তায় তিনিই সেরা, ফের প্রমাণ করলেন নরেন্দ্র মোদী
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পরে সবচেয়ে বেশিবার নরেন্দ্র মোদীকে নিয়েই ২০১৭ সালে টুইট হয়েছে বলে জানিয়েছে টুইটার।
স্যোশাল নেটওয়ার্কিং মাইক্রোব্লগিং সাইট টুইটারে জনপ্রিয়তায় নরেন্দ্র মোদীর ধারেকাছে কেউ নেই। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পরে সবচেয়ে বেশিবার তাঁকে নিয়েই ২০১৭ সালে টুইট হয়েছে বলে জানিয়েছে টুইটার। এদিকে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার দুটি টুইট সবচেয়ে বেশিবার রিটুইট হয়েছে। এমন বেশ কিছু তথ্য রিপোর্ট আকারে টুইটার কর্তৃপক্ষ পেশ করেছেন।

এগিয়ে ট্রাম্প
টুইটারে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার সংখ্যা ৪৪.১ মিলিয়ন। বিশ্ব নেতাদের মধ্যে তাঁকে নিয়েই সবচেয়ে বেশি টুইট হয়েছে ২০১৭ সালে।

সেরা মোদী
তারপরই রয়েছেন নরেন্দ্র মোদী। নমোর টুইটার ফলোয়ার ৩৭.৫ মিলিয়ন। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। বিশ্বের তাবড় নেতৃত্বদের মধ্যে দ্বিতীয় স্থানে ভারতের প্রধানমন্ত্রীই। আর দেশের নিরিখে কোনও নেতাই তাঁর ধারেকাছে নেই।

ট্রাম্প-মোদী বাদে সেরা দশ
প্রথম দশে রয়েছেন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো, তুরস্কের রিসেপ তাইয়িপ এরদোয়ান, ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোঁ, মেক্সিকোর এনরিকে পেনইয়া নিয়েতো, আর্জেন্তিনার মউরিসিপ ম্যাক্রি, ব্রিটেনের থেরেসা মে, কলম্বিয়ার খুয়ান ম্যানুয়েল সান্তোস ও ইন্দোনেশিয়ার আকুন রেসমি জোকো।

ভারতীয়দের তালিকা
ভারতীয়দের মধ্যে টুইটার ফলোয়ারে দ্বিতীয় স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন, তৃতীয় শাহরুখ খান, চতুর্থ সলমন খান, পঞ্চম অক্ষয় কুমার, ষষ্ঠ আমির খান, সপ্তম দীপিকা পাড়ুকোন, অষ্টম সচিন তেন্ডুলকর, নবম হৃত্বিক রোশন ও দশম বিরাট কোহলি।

সবচেয়ে জনপ্রিয় ওবামা
রাজনীতিবিদদের মধ্যে সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় মার্কিন রাজনীতিবিদ বারাক ওবামা। তাঁর ধারেকাছে কেউ নেই। টুইটারে তাঁর ফলোয়ার ৯৭ মিলিয়নের বেশি। তবে সবচেয়ে বেশি টুইটারে জনপ্রিয় গায়িকা কেটি পেরি। তাঁর ফলোয়ার সংখ্যা ১০৭ মিলিয়ন।












Click it and Unblock the Notifications