Panchayat Election 2023: চায়ের দোকানে রাজনীতির আলোচনা নয়! নোটিশ ঘিরে শোরগোল
Panchayat Election 2023: আষাঢ় এসে গেলেও তাপপ্রবাহ থেকে রেহাই নেই। তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনের উত্তাপও বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় চলছে অশান্তি। খুনের ঘটনা ঘটছে। বোমাবাজি, মারধরে আক্রান্ত অনেকেই।
ট্রেন-বাস-লঞ্চ থেকে শুরু হাট-বাজারে এখন আলোচনার বড় টপিক পঞ্চায়েত ভোট। চায়ের কাপে তুফান তোলার পাশাপাশি চলছে রাজনৈতিক তর্ক-বিতর্ক-আলোচনা। এই আবহে পূর্ব বর্ধমানে চায়ের দোকানের নোটিশ ঘিরে শোরগোল পড়েছে।

বর্ধমান ২ নং ব্লকের পুরাতন বাস স্ট্যান্ডে প্রায় ৪৩ বছর ধরে চায়ের দোকান চালাচ্ছেন দুর্জয় ও ভারতী মণ্ডল। এই দম্পতির একমাত্র পুত্র বিশেষ চাহিদাসম্পন্ন। ফলে সত্তরোর্ধ্ব দুর্জয় ও ষাটোর্ধ্ব ভারতীর সংসার চলে এই দোকানের আয় থেকেই। বিধানসভা নির্বাচনের মতো এবার পঞ্চায়েত ভোটেও দোকানে বিজ্ঞপ্তি সাঁটালেন তাঁরা।

দম্পতির কথায়, তাঁদের চায়ের দোকানে সকাল থেকেই বহু লোক আসেন। কেউ চাষাবাদ নিয়ে আলোচনা করেন। কেউ চায়ের অর্ডার দিয়েই শুরু করে দেন রাজনৈতিক আলোচনা। আর তখনই চিন্তা বাড়ে দুর্জয় ও ভারতীর। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষ হতেই তাই নোটিশ লাগিয়েছেন দম্পতি।

ভারতী মণ্ডল জানান, পুরানো অভিজ্ঞতা থেকেই এই নোটিশ লাগিয়েছি। রাজনীতি নিয়ে আলোচনা করতে করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। কেউ টেবিল চাপড়ান, তাতে চায়ের গ্লাসও ভেঙেছে। আমাদের সংসার নির্ভরশীল এই দোকান থেকেই। ফলে জিনিসপত্র ভাঙায় যেমন ক্ষতি হয়, তেমনই রাজনীতির আলোচনা এড়াতে অনেকে দোকানে আসা বন্ধ করে দেন।

দুর্জয় মণ্ডলের কথায়, ভোর থেকে রাত পর্যন্ত দু-জন মিলে সংসার যুদ্ধে ব্যস্ত থাকি। রাজনৈতিক আলোচনা থেকে দোকানের শান্তি নষ্ট হোক, এটা চাই না। খরিদ্দার আসা কমলে আমরাই মুশকিলে পড়ব। একটাই কথা, দোকানে সকলেই আসুন। রাজনীতি বাদে যা কিছু নিয়ে আলোচনা করতে পারেন।

সকলেই দুর্জয় ও ভারতীর বক্তব্যকে সমর্থন করেছেন। তাঁদের কথায়, এই নোটিশ লাগানো ঠিক হয়েছে। এটা দেখে যদি চায়ের খরিদ্দাররা সতর্ক হয়ে যান আলোচনার সময়। দুর্জয় ও ভারতীর উদ্যোগ জেলা তথা রাজ্যের অন্যত্র ট্রেন্ড হয় কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications