Cyclone Dana: ঘূর্ণিঝড় দানা আসছে, এই সময় কী করবেন, আর কী করবেন না
ঘূর্ণিঝড় দানা (cyclone Dana) আরও শক্তিশালী হওয়ার অপেক্ষা।
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এটি মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে সেটি। ১২০ কিমি প্রতি ঘণ্টায় ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা।
ঘূর্ণিঝড় দানার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উপকূলের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ওড়িশা সরকার আইএমডি পূর্বাভাসের উপর ভিত্তি করে ১৪ টি জেলাকে সতর্ক করেছে। আঙ্গুল, পুরী, নয়াগড়, খোরধা, কটক, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, জাজপুর, ভদ্রক, বালাসোর, কেওনঝার, ঢেনকানাল, গঞ্জাম এবং ময়ুরভঞ্জ জেলায় সতর্কবার্তা রয়েছে।
তিন হাজার গ্রাম ফাঁকা করা হয়েছে৷ প্রায় ১০ লক্ষ মানুষকে ফ্লাড সেন্টার ও অন্যান্য ভবনে সরিয়ে নেওয়ার কাজ চলছে। ওড়িশা সরকার সব রকম পরিকল্পনা রেখেছে। ত্রাণ ও উদ্ধারের জন্যও বিপর্যয় মোকাবিলা দফতরের টিম তৈরি।
সাইক্লোন আসার আগের প্রস্তুতি
১. নিজেদের বাড়ি ভালো করে পরীক্ষা করুন। কোথাও আলগা অংশ থাকলে সেগুলিকে মেরামত করে নিন।
২. দরজা, জানালা মেরামত করুন।
৩. আশপাশ থেকে গাছের মৃত ডাল বা মৃত গাছ সরিয়ে ফেলুন।
৪. কাঠের স্তূপ, টিন, ইট ইত্যাদি জিনিসকে ভালো করে আটকে, ঢেকে রাখুন। যাতে ঝড়ে উড়ে যেতে না পারে।
৫. কাচের জানালায় বোর্ডের জন্য কাঠের বোর্ড প্রস্তুত রাখুন।
৬. হ্যারিকেন, লণ্ঠন, ব্যাটারি-চালিত টর্চ ইত্যাদি সঙ্গে রাখুন। বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
৭. শুষ্ক, অপচনশীল খাবার মজুত রাখুন। প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন।
৮. ভেঙে পড়তে পারে, এমন দেওয়াল বা অংশ আগেই ভেঙে দিন।
ঘূর্ণিঝড়ে সতর্কতায় কী করবেন?
১. অল ইন্ডিয়া রেডিওর সতর্কবার্তা খেয়াল করুন।
২. অন্যদের সঙ্গে সঠিক তথ্য ভাগ করুন।
৩.গুজব এড়িয়ে চলুন। অযথা আতঙ্কিত হবেন না।
৪. ২৪ ঘন্টা সতর্ক থাকুন।
৫. নীচু এলাকায় থাকবেন না।
৬. কাচের জানলায় বোর্ড লাগান। যাতে কাচ না ভাঙতে পারে।
৭. বাইরের দরজা ভালোভাবে বিপর্যয়ের সময় বন্ধ রাখুন।
৮. বাড়ির উপরের অংশে মূল্যবান, গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে রাখুন।
ঘূর্ণিঝড় পরবর্তী সতর্কতা
১. আবহাওয়া পরিষ্কার না হওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকুন।
2. এই সময় রোগব্যধির সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
৩. ছিড়ে যাওয়া বিদ্যুতের তারে হাত দেবেন না।
৪. সাবধানে গাড়ি চালাবেন।
৫. পরিস্থিতি সম্পর্কে শান্ত এবং অবহিত থাকুন।
৬. নিজের ও অন্যদের নিরাপত্তার দিকে জোর দিন।












Click it and Unblock the Notifications