ZIM vs IND: যশস্বী T20I-এ প্রথম ভারতীয় হিসেবে গড়লেন অবিশ্বাস্য নজির, ভারত পেল ০ বলে ৭ রান
ZIM vs IND: টি২০ আন্তর্জাতিকে অবিশ্বাস্য নজির তৈরি করলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ভারতীয় তথা বিশ্বের দ্বিতীয় ওপেনার হিসেবে। হারারেতে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে পঞ্চম টি২০ আন্তর্জাতিকে।
ভারতীয় দলের আজ শুরুতেই স্কোর দাঁড়ায় ০ বলে সাত রান! এরপর তা বেড়ে হয় ১ বলে ১৩। আর তাতেই ঈর্ষণীয় কীর্তি গড়লেন যশস্বী।

আজ জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজা টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান। নিয়মরক্ষার ম্যাচে ভারত ঋতুরাজ গায়কোয়াড় ও খলিল আহমেদকে বাইরে রেখে একাদশে নিয়েছে রিয়ান পরাগ ও অভিষেক শর্মাকে। গতকালই ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে ভারত।
এদিন প্রথম ওভারটি করতে যান সিকান্দর রাজা। নাটকীয় ওভারটিতে ভারত ১৫ রান তোলে, ১টি উইকেটও হারায়। প্রথম বলেই স্লগ স্যুইপে মিড উইকেট দিয়ে ছক্কা মারেন যশস্বী। এই বলটি নো বল হওয়ায় ভারতের স্কোর দাঁড়ায় ০ বলে ৭ রান। ওভারস্টেপিংয়ের কারণে বলটি নো হয়।
ফলে পরের বলটি ছিল ফ্রি হিট। জয়সওয়াল সেই বলেও ছক্কা হাঁকান। ভারতের স্কোর দাঁড়ায় ১ বলে ১৩। এরপর দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে কোনও রান নিতে পারেননি যশস্বী। ওভারের চতুর্থ বলে তাঁর উইকেট তুলে নেন রাজা। ৫ বলে ১২ রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল।
টি২০ আন্তর্জাতিকে কোনও দলের ইনিংসে প্রথম দুই বলে দুটি ছক্কার নজির এই নিয়ে দেখা গেল দ্বিতীয়বার। ২০২২ সালে রোয়ান্ডার বিরুদ্ধে তানজানিয়ার ইভান সেলেমানি প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকিয়েছিলেন। ভারত তথা আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে যশস্বীই প্রথম সেই কীর্তি স্পর্শ করলেন।
ভারত এদিন প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তোলে। ৭.১ ওভারে ৫০ ও ১২.৪ ওভারে ১০০ রান পূর্ণ হয়। অধিনায়ক শুভমান গিল রিচার্ড নাগারভার শিকার হন, সিকান্দর রাজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ বলে ১৩ রান করে। অভিষেক শর্মা ১১ বলে ১৪ রান করে আউট হন।
ভারতীয় দলে আজ এসেছেন রিয়ান পরাগ ও মুকেশ কুমার। ভারতের ৩৮ রানে দ্বিতীয় ও ৪০ রানে তৃতীয় উইকেট পড়েছিল। তারপর আর কোনও উইকেট হারাতে হয়নি। সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগের জুটিতে ভর করেই ভারত একশো পার করে ফেলেছে।
সর্বশেষ খবরে ১৪ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৫। সঞ্জু ৩৩ বলে ৪০ ও রিয়ান ২২ বলে ২২ রানে ক্রিজে রয়েছেন। সঞ্জু তিনটি ছক্কা মেরেছেন, কোনও চার মারেননি। রিয়ান মেরেছেন ১টি ছক্কা।
চলতি সিরিজে এখনও অবধি সবচেয়ে বেশি রান শুভমান গিলের। তিনি পাঁচ ম্যাচে পাঁচ ইনিংসে ২টি অর্ধশতরান-সহ ১৭০ রান করেছেন। তাঁর পরেই দ্বিতীয় স্থানে যশস্বী। তিনি ৩ ম্যাচে ৩ ইনিংসে ১৪১ রান করলেন, ১টি অর্ধশতরান করেছেন। ঋতুরাজ গায়কোয়াড় ৪ ম্যাচে ১৩৩, অভিষেক শর্মা ৫ ম্যাচে ১২৪ রান করেছেন। অভিষেক ছাড়া এই সিরিজে কেউ শতরান পাননি।












Click it and Unblock the Notifications