ZIM vs IND: ভারত অধিনায়ক হিসেবে বিরল নজির শুভমানের, ক্য়াপ্টেন্সির আইডলের নামও জানিয়ে দিলেন
ZIM vs IND: জিম্বাবোয়ে সফরে শুভমান গিলকে ভারতের অধিনায়কত্ব দিয়েছিলেন নির্বাচকরা। একঝাঁক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতে। তাতেই রেকর্ড গড়লেন শুভমান গিল।
মহেন্দ্র সিং ধোনি থেকে রোহিত শর্মা বা বিরাট কোহলিরা যা পারেননি সেটাই করে দেখালেন দিল। হারারেতে পঞ্চম টি২০ আন্তর্জাতিক ভারত জেতায় জয়ের ব্যবধান হলো ৪-১।

শুভমানের আগে কোনও অধিনায়কের নেতৃত্বে বিদেশের মাটিতে কোনও টি২০ সিরিজের চারটি ম্যাচে জেতেনি ভারত। ফলে প্রথম ভারতীয় হিসেবে ঈর্ষণীয় নজির গড়লেন গিল। ম্যাচের শেষে শুভমান বলেন, অধিনায়কত্ব আমি উপভোগ করি। এটাই আমার ভিতর থেকে সেরাটা বের করে আনে।
অধিনায়কের দায়িত্ব ম্যাচের মধ্যে তাঁকে আরও বেশি নিবিষ্ট থাকতে সহায়তা করে, যা তিনি উপভোগ করেন বলেও জানিয়েছেন গিল। সিরিজের প্রথম ম্যাচে হারের পরদিনই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। গিল মেনে নিয়েছেন, প্রথম ম্যাচের পর ব্যাটিং বিভাগের উপর কিছুটা চাপ এসেছিল, তবে তা অত্যধিক কিছু নয়।
সেই চাপ সামলে দল যেভাবে কামব্যাক করেছে, টানা চারটি ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা গিয়েছে তা তৃপ্তি দিচ্ছে শুভমানকে। টি২০ বিশ্বকাপজয়ী দলের তিন ক্রিকেটার জিম্বাবোয়ে সফরের দলে ছিলেন। তবে তাঁদের প্রথম দুটি ম্যাচে পাওয়া যায়নি।
শুভমান সতীর্থদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ভারতকে নেতৃত্ব দিতে পেরে খুবই ভালো লেগেছে। এঁদের অনেকের সঙ্গেই আমি বয়সভিত্তিক ক্রিকেটে, অনূর্ধ্ব ১৯-এ একসঙ্গে খেলেছি বা প্রতিপক্ষ দলের হয়ে খেলেছি। যা এই সিরিজে আমার কাজ অনেক সহজ করে দিয়েছে।
গিলের কথায়, এত প্রতিভাবান ক্রিকেটার এসে নিজেদের মেলে ধরছেন নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়েও তা উপভোগ করা যায়। প্রথম ম্য়াচে ১১৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১৯.৫ ওভারে ১০২ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। গিলের দাবি, রান বড় না হলেও কন্ডিশন অনুধাবনে খামতি ছিল।
ওই ম্যাচে পাওয়ারপ্লে-তে দ্রুত কয়েকটি উইকেট হারানোই সমস্যা জটিল করে দেয় বলে জানান গিল। অধিনায়ক হিসেবে তিনি কাকে আদর্শ মানেন সেই প্রশ্নের সরাসরি জবাব না দিলেও রোহিত শর্মাকেই এগিয়ে রাখলেন গিল।
তিনি বলেন, রোহিত ভাই, ধোনি ভাই, বিরাট ভাই, হার্দিক ভাই সকলের কাছ থেকেই অনেক কিছু শেখার আছে। সকলেরই প্রভূত গুণ রয়েছে। আমি সবচেয়ে বেশি খেলেছি রোহিত ভাইয়ের নেতৃত্বে। তাঁর থেকে অনেক কিছু শিখি, তাঁর নেতৃত্বে খেলাও উপভোগ করি।












Click it and Unblock the Notifications