ঘরের মাঠে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে যুজবেন্দ্র চাহাল, এ ছাড়া অর্জন করতে পারেন আরও এক নজির
ঘরের মাঠে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে যুজবেন্দ্র চাহাল, এ ছাড়া অর্জন করতে পারেন আরও এক নজির
নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ দিয়ে অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খেলবে এই সিরিজে ভারত। ওয়াংখেড়েতে এই সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে মঙ্গলবার (৩ জানুয়ারি)। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে বড় মাইলস্টোনের সামনে যুজবেন্দ্র চাহাল।

আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে ভারতের সর্বাধিক উইকেটশিকারী হওয়ার হাতছানি:
সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা বোলার যুজবেন্দ্র চাহাল। নিউজিল্যান্ড সফরে ভারতের জার্সিতে ২ ম্যাচে মাত্র ২ উইকেট পেলেও নিজের দেশে শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে মুম্বই, পুনে এবং রাজকোটে ছাপ রাখতে চাইবেন চাহাল। এই সিরিজে ভুবনেশ্বর কুমারকে ছাপিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ভারতের সর্বাধিক উইকে সংগ্রহকারী বোলার হয়ে ওঠার সুযোগ রয়েছে চাহালের সামনে। ৭১ ম্যাচে হরিয়ানার এই স্পিনারের দখলে রয়েছে ৮৭টি উইকেট, যা ভুবনেশ্বরের থেকে তিনটি কম। ৮৭ ম্যাচে ৯০টি উইকেটের মালিক শীর্ষ স্থানে থাকা ভুবনেশ্বর কুমার। অভিজ্ঞ এই পেসারকে তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য দলে রাখেনি চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী।

দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ উইকেট অর্জনের হাতছানি:
দেশের মাটিতে আরও একটি নজিরের দিকে চোখ নিশ্চয়ই রয়েছে যুজবেন্দ্র চাহালের। তিনি যদি আরও পাঁচটি উইকেট সংগ্রহ করতে পারেন তা হলে নিজের দেশে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে ৫০ বা তার বেশি উইকেট সংগ্রহকারী ক্রিকেটারদের ক্লাবে স্থান করে নেবেন চাহাল। ৩৫ ম্যাচে দেশের মাটিতে ৪৫টি উইকেট নিয়েছেন চাহাল। মাত্র তিন জন বোলারেরই দেশের মাটিতে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছেন। এঁরা হলেন টিম সাউদি (৫৯ ম্যাচে ৭৮ উইকেট), ইশ সোধি (৪৬ ম্যাচে ৫৭ উইকেট) এবং শাকিব আল হাসান (৪২ ম্যাচে ৫২ উইকেট)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সর্বাধিক উইকেট শিকারি চাহাল:
ভারতের মাটিতে শ্রীলঙ্কার এবং ভারতের মধ্যে টি ২০ সিরিজে সর্বাধিক উইকেট শিকারি যুজবেন্দ্র চাহাল। এই দুই দেশের মধ্যে খেলায় ১০ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন চাহাল। ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দুশমন্ত চামিরা। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ১৯ ম্যাচে ১২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন দসুন শনকা এবং পঞ্চম স্থানে রয়েছেন কুলদীপ যাদব যিনি ৯ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন।

ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে টি ২০ সিরিজের সূচি:
৩ জানুয়ারি (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। ওয়াংখেড়েতে এই ম্যাচ আয়োজিত হবে। দ্বিতীয় ম্যাচটি খেলা হবে ৫ জানুয়ারি পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। ৭ জানুয়ারি রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজিত হবে শেষ ম্যাচ।












Click it and Unblock the Notifications