বিরাটকে খোলা চিঠি লিখলেন যুবরাজ সিং, প্রিয় চিকুর জন্য পাঠালেন উপহার
বিরাটকে খোলা চিঠি লিখলেন যুবরাজ সিং, প্রিয় চিকুর জন্য পাঠালেন উপহার
বিরাট কোহলি আন্তর্জাতিক সার্কিটে প্রতিষ্ঠিত হওয়ার বহু আগে ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন যুবরাজ সিং। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সোনার দলের এই ক্রিকেটার ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০১১ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল যুবির। টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছিলেন পঞ্জাবের এই ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটের এ হেন নক্ষত্রের সঙ্গে বেশ মধুর সম্পর্ক ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। ক্রিকেট থেকে অবসর নিলেও ভাতৃসম বিরাটের সঙ্গে বেশ ভাল মতোই যোগাযোগ রয়েছে যবির। ভারতীয় দলে একজন ক্রিকেটার হিসেবে তরুণ বিরাটের বেড়ে ওঠার সাক্ষী যুবি। আধুনিক ভারতীয় ক্রিকেটকে অন্যস্তরে নিয়ে গিয়েছেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে যেমন সাফল্য এসেছে তেমনই তাঁর ক্রীড়াশৈলি অনুপ্রাণিত করেছে তরুণ প্রজন্ম। এই রকম কিংবদন্তির প্রতি ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা লিখলেন যুবি, তার সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সোনার জুতো উপহার দিলেন তিনি। সেই বুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পাশাপাশি একটি খোলা চিঠি লিখেছেন যুবি।
২০১১ সালে বিশ্বকাপের ট্রফি হাতে তোলা টিম ইন্ডিয়ায় যুবরাজ-কোহলি ছিলেন 'ডেডলি ডুয়ো'। এমনকী এই দুই তারকা এক সঙ্গে আইপিএলেও ড্রেসিংরুম ভাগ করে নিয়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে বিরাটের নেতৃত্বে খেলেছিলেন যুবরাজ।
বিরাটের উদ্দেশ্যে নিজের আবেগঘন খোলা চিঠিতে যুবরাজ ইনস্টাগ্রামে লিখেছেন, "বিরাট আমি তোমাকে একজন ক্রিকেটার ও মানুষ হিসাবে বড় হতে দেখেছি। নেটের সেই তরুণ ছেলেটা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে হেঁটে এখন নিজেই কিংবদন্তি। এক একটা গোটা প্রজন্মের কাছে কিংবদন্তি। খেলার মাঠে তোমার দায়বদ্ধতা, প্যাশান এবং শৃঙ্খলা দেশের প্রতিটা ছোট বাচ্চা অনুপ্রাণিত করে। তাঁরা স্বপ্ন দেখে ব্যাট হাতে নীল জার্সি গায়ে চাপানোর। প্রতিটা বছর তুমি নিজের খেলার স্তরকে অন্য জায়গায় নিয়ে গিয়েছ এবং ইতিমধ্যে অনেক কিছু অর্জন করেছ।তোমার কেরিয়ারের নতুন এই অধ্যায়ে তোমাকে আরও বেশি করে দেখার জন্য মরিয়া হয়ে আছি। তুমি একজন কিংবদন্তি অধিনায়ক এবং দুর্দান্ত নেতা ছিলে। তোমার থেকে আরও স্মরণীয় রান তাড়া করার ইনিংস দেখতে চাই।"
এই চিঠিতে কোহলির সঙ্গে নিজের সম্পর্কের রসায়নের প্রসঙ্গও তুলে ধরেছেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার। তিনি লিখেছেন, "আমি গর্বিত তোমার সঙ্গে একজন টিম মেট হিসেবে দুর্দান্ত সময় কাটানোর জন্য। টিম মেটের পাশাপাশি আমাদের মধ্যে দারুণ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এক সঙ্গে রান করা, মশকরা করা, পঞ্জাবি গানে জ্যাম করা এবং এক সঙ্গে ট্রফি জেতা-সবই আমরা একসঙ্গে করেছি। তুই আমার জন্য সব সময়ে চিকুই থাকবি এবং সারা বিশ্বের কাছে কিং কোহলি। নিজের মধ্যে এই আগুনটাকে সব সময়ে জ্বলতে দিও। তুমি একজন সুপারস্টার। তোমার জন্য এই বিশেষ গোল্ডেন বুট আমার তরফ থেকে। দেশকে আরও গর্বিত কর।"
টি-২০ বিশ্বকাপের পর টি-২০ ক্রিকেটের অধিনায়কের পদ থেকে নিজে থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট, পদত্যাগ করেছেন টেস্ট দলের অধিনায়কত্ব থেকেও। একদিনের অধিনায়কের পদ থেকে বিরাটকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। তাঁর পরিবর্তে বর্তমানে তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা।












Click it and Unblock the Notifications