প্রথম ভারতীয় হিসাবে বিদেশি টি২০ লিগে খেলার ছাড়পত্র ইউসুফ পাঠানকে
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিদেশি টি২০ লিগে খেলার ছাড়পত্র পেলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান।
ভদোদরা, ১২ ফেব্রুয়ারি : প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিদেশি টি২০ লিগে খেলার ছাড়পত্র পেলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। হংকং টি২০ ব্লিৎজে কউলুন ক্যান্টনের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।
হংকং ক্রিকেটের পক্ষে এটা বেশ বড় ঘটনা বলেই মনে করা হচ্ছে। ক্যান্টনের সিইও ঊর্বশী শেঠি জানিয়েছেন, ভারত থেকে কোনও খেলোয়াড় এসে এখানে আমাদের দলে যোগ দিয়েছেন এটা দারুণ খবর। ইউসুফ পাঠান এই ফর্ম্যাটের অন্যতম সেরা খেলোয়াড়।

হংকংয়ে ক্রিকেটের প্রসারে পাঠানের মতো পরিচিত মুখ বিশেষ সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন। ফলে তাঁকে দেখে স্থানীয় ক্রিকেটাররা দর্শকের সামনে নিজেদের আরও ভালো করে মেলে ধরার সুযোগ পাবে বলে মত ক্যান্টনের সিইও ঊর্বশীর।
এদিকে পাঠানকে ছাড়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট হংকংয়ের সিইও টিম কাটলার। এর ফলে হংকংয়ে ক্রিকেটের প্রসার ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে এই টি২০ লিগে আগামিদিনে আরও পরিচিত মুখকে খেলতে দেখা যাবে।
আইপিএলে ৩৭ বলে শতরান করার রেকর্ড রয়েছে ইউসুফ পাঠানের। বল হাতেও তিনি কার্যকরী ভূমিকা পালন করে থাকেন। হংকংয়ে খেলার সুযোগ পেয়ে পাঠান বলেন, খেলার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।












Click it and Unblock the Notifications