Year Ender 2024: টেস্টে সর্বাধিক উইকেট দখলে বুমরাহ অপ্রতিরোধ্য, ভারতীয়দের মধ্যে সেরা বোলিং ফিগার সুন্দরের
Year Ender 2024: জসপ্রীত বুমরাহর কাছে ২০২৪ সালটা স্মরণীয় হয়ে থাকল। ভারতকে টি২০ বিশ্বকাপ জেতাতে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন।
চলতি বছর বুমরাহ কোনও একদিনের আন্তর্জাতিক খেলেননি। শেষ খেলেছেন গতবার বিশ্বকাপে। টেস্ট ক্রিকেটেও তিনি শুধু ভারতের নন, বিশ্বে সফলতম।

এখনও মেলবোর্ন টেস্ট বাকি। ইতিমধ্যেই চলতি বছর টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় বুমরাহর ধারেকাছে কেউ নেই। বুমরাহ এ বছর ১২টি টেস্টে ২৪টি ইনিংসে এখনও অবধি মোট ১৮২২টি বল করেছেন। ৩০৩.৪ ওভারে মেডেন ৬৯টি। ৯০৪ রান খরচ করে তুলে নিয়েছেন ৬২টি উইকেট।
টেস্টে এ বছর বুমরাহর ইনিংসে সেরা বোলিং ৪৫ রানের বিনিময়ে ৬ উইকেট। গড় ১৪.৫৮, ইকনমি ২.৯৭, স্ট্রাইক রেট ২৯.৩৮। ইনিংসে চার উইকেট নিয়েছেন তিনবার, পাঁচ উইকেট চারবার। মেলবোর্নে এই পরিসংখ্যান আরও উন্নত করাই লক্ষ্য থাকবে ভারতীয় দলের সহ অধিনায়কের।
বুমরাহ ছাড়া আর যে বোলার চলতি বছর টেস্টে ৫০টি উইকেট দখলের মাইলফলক ছুঁলেন তিনি ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন। তিনি ১১টি টেস্টে খেলে ৫২টি উইকেট দখল করেছেন। চলতি বছর টেস্টে উইকেটশিকারীদের তালিকায় তিন থেকে পাঁচে যথাক্রমে ইংল্যান্ডের শোয়েব বশির (৪৯), নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৪৮) ও শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য (৪৮)। রবিচন্দ্রন অশ্বিন চলতি বছর ১১টি টেস্টে ৪৭ উইকেট পেয়েছেন।
রবীন্দ্র জাদেজা ১১টি টেস্টে পেয়েছেন ৪৪টি উইকেট। মেলবোর্ন টেস্টে তিনি টপকে যেতেই পারেন রবিচন্দ্রন অশ্বিনকে। চলতি বছর মহম্মদ সিরাজ এখনও অবধি ১২টি টেস্ট খেলে ২৩ ইনিংসে ৩২টি উইকেট দখল করেছেন। ৫ টেস্টে ২২ উইকেট রয়েছে কুলদীপ যাদবের। ৩ টেস্টে ১৮টি শিকার ঝুলিতে পুরেছেন ওয়াশিংটন সুন্দর।
চলতি বছর টেস্টে ইনিংসে অন্তত পাঁচ উইকেট সবচেয়ে বেশি ৪ বার দখল করেছেন বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ, বাংলাদেশের তাইজুল ইসলাম ও নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল নিয়েছেন তিনবার করে।
বুমরাহর সঙ্গেই ইনিংসে চার উইকেট তিনবার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড, ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলেস, বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ও শ্রীলঙ্কার লাহিরু কুমারা। বুমরাহ, হ্যাজলউড ও কামিন্স এই সংখ্যা বাড়ানোর সুযোগ পাবেন মেলবোর্নে।
চলতি বছর সেরা বোলিং ফিগার পাকিস্তানের নোমান আলির, ৪৬ রান দিয়ে ইনিংসে ৮ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ১৩ রানের বিনিময়ে নেন ৭ উইকেট। অ্যাটকিনসন ৪৫ রানের বিনিময়ে, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ৫৩ রান দিয়ে সাতটি করে উইকেট নিয়েছেন।
ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার ওয়াশিংটন সুন্দরের। তিনি সাত উইকেট দখল করেন ৫৯ রান দিয়ে। এ ছাড়া ম্যাট হেনরি ৬৭ রান দিয়ে, ইংল্যান্ডের টম হার্টলি ৬২ রানের বিনিময়ে, শামার জোসেফ ৬৮ রান খরচ করে ইনিংসে সাতটি করে উইকেট নিয়েছেন। পাকিস্তানের সাজিদ খান ইনিংসে সাত উইকেট নিয়েছেন ১১১ রান খরচ করে।












Click it and Unblock the Notifications