Year-Ender 2024: কেপ টাউন ও পারথ টেস্ট থেকে টি২০ বিশ্বকাপ জয়, ২০২৪ সালে ভারতীয় দলের সেরা ৫ সাফল্য
Year-Ender 2024: ২০২৪ সাল ভারতীয় দল শুরু করেছিল কেপ টাউন টেস্ট দিয়ে। শেষ করবে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট দিয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে চলতি বছর ভারতীয় দল যেমন হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে, তেমনই সাফল্যের তালিকাও কম বড় নয়।

টি২০ বিশ্বকাপ ফাইনাল
২০১৩ সালের পর আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার খরা ভারত মেটায় টি২০ বিশ্বকাপে। ২৯ জুন ব্রিজটাউনে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ভারত হারিয়েছিল ৭ রানে। প্রথমে ব্যাট করে ভারত বিরাট কোহলির ৫৯ বলে ৭৬ ও অক্ষর প্যাটেলের ৩১ বলে ৪৭ ও শিবম দুবের ১৬ বলে ২৭ রানের সৌজন্যে তোলে ৭ উইকেটে ১৭৬।
জবাবে হেইনরিখ ক্লাসেন ২৭ বলে ৫২ রান করলেও প্রোটিয়াদের জেতাতে পারেননি। দক্ষিণ আফ্রিকা তোলে ৮ উইকেটে ১৬৯। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নেন। অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ নেন ২টি করে উইকেট। বিরাট হন ম্যান অব দ্য ম্যাচ। ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা জসপ্রীত বুমরাহ।
কেপ টাউন টেস্ট
কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ রেখে দেশে ফিরেছিল। ভারত। সেই টেস্টের পিচ আইসিসির রিপোর্টে অসন্তোষজনক তকমা পেলেও প্রথম ইনিংসে প্রোটিয়াদের ২৩.২ ওভারে ৫৫ রানে গুটিয়ে দিয়েছিল ভারত।
মহম্মদ সিরাজ ১৫ রানে ৬ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ও মুকেশ কুমার পান ২টি করে উইকেট। ভারত করে ১৫৩। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ১৭৬, যার মধ্যে এইডেন মার্করামের একারই ১০৬। বুমরাহ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন। সিরাজ ১টি, মুকেশ ২টি ও প্রসিদ্ধ কৃষ্ণ ১ উইকেট নেন। ভারত ৭ উইকেটে টেস্টটি জিতে নেয় দ্বিতীয় দিনেই।
এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পরও ৪-১ বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ জেতে ভারত। টি২০ বিশ্বকাপে ভারত অভিযান শুরু করেছিল পাকিস্তানের বিরুদ্ধে ৬ রানে জয় দিয়ে। তবে সেরা পাঁচে ঠাঁই পাবে টি২০ বিশ্বকাপ ফাইনাল।
ভারত-বাংলাদেশ টি২০ আন্তর্জাতিক
টি২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক রান ওঠে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে। ৬ উইকেটে ২৯৭। ওপেনার সঞ্জু স্যামসন ৪৭ বলে ১১১ রান করেন। ৩৫ বলে ৭৫ অধিনায়ক সূর্যকুমার যাদবের। রিয়ান পরাগ ১৩ বলে ৩৪ ও হার্দিক পাণ্ডিয়া ১৮ বলে ৪৭ রান করেন।
জবাবে খেলতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি যেতে পারেনি। ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। ১টি মেডেন-সহ ৪ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন রবি বিষ্ণোই। ভারত জেতে ১৩৩ রানে, ম্যাচের সেরা সঞ্জু। সিরিজ সেরা হার্দিক।
ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ আন্তর্জাতিক
গত ১৫ নভেম্বর রোহিত শর্মার পুত্রসন্তানের জন্ম। সেদিনই ভারত আরও একটি ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি২০ আন্তর্জাতিক সূর্যকুমার যাদবের ভারত জেতে ১৩৫ রানে।
ভারত তুলেছিল ১ উইকেটে ২৮৩। সঞ্জু স্যামসন ৫৬ বলে ১০৯ ও তিলক বর্মা ৪৭ বলে ১২০ রানে অপরাজিত থাকেন। ভারতের ইনিংসে ছিল ২৩টি ছক্কা। জবাবে প্রোটিয়ারা গুটিয়ে যায় ১৪৮ রানে। অর্শদীপ সিং ৩ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নেন। বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট। ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে এই জয়ের সুবাদে।
পারথ টেস্ট
চলতি অস্ট্রেলিয়া সিরিজে ভারতের পারথ টেস্ট জয় এই বছরের অন্যতম সেরা সাফল্য। অস্ট্রেলিয়াকে এই টেস্টে ভারত হারায় ২৯৫ রানে। প্রথম ইনিংসে ভারত ১৫০ রানে অল আউট হয়। জশ হ্যাজলউড নেন চার উইকেট।
এরপর অস্ট্রেলিয়াকে ১০৪ রানে থামিয়ে দেয় ভারত। ৩০ রানে পাঁচ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। হর্ষিত রাণা নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের ১৬১, বিরাট কোহলির অপরাজিত ১০০ ও লোকেশ রাহুলের ৭৭ রানের সৌজন্যে ৬ উইকেটে ৪৮৭ তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৪৮ রানের বেশি করতে পারেননি। বুমরাহ ও সিরাজ তিনটি করে এবং ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট নেন। একটি করে উইকেট হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডির।












Click it and Unblock the Notifications