Year Ender 2023: ঈশান থেকে মুকেশ, ২০২৩ সালে ভারতীয় টেস্ট দলে অভিষেক হল কোন ক্রিকেটারদের?
চলতি বছরে বর্ডার-গাভাসকর ট্রফিতে ঘরের মাঠে জয় পেয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি জয় অধরাই থাকে। তবে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে লাল বলের সিরিজে জয় পেয়েছে ভারত। বছর শেষে প্রোটিয়া ভূমিতে আবার টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। টি২০ বা একদিনের ঠাসা ক্রীড়াসূচির মধ্যেও টেস্টেও যথেষ্ট প্রভাব রেখেছে টিম ইন্ডিয়া।
ক্যালেন্ডারের পাতা বলছে ২০২৩ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। আসছে নতুন বছর ২০২৪। একটা বছরের সঙ্গে জড়িয়ে নানা ঘটনা। সাফল্য-ব্যর্থতা-বিতর্ককে সঙ্গী করেই শেষ হয় একটা বছর।দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখেন অনেকেই। শেষ পর্যন্ত ২০২৩ সাল কোন ক্রিকেটারদের স্বপ্ন পূরণের বছর হল? সাদা জার্সিতে ভারতীয় দলে টেস্ট অভিষেককারীদের নামই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় কেএস ভরতের। চলতি বছরে মোট ৫টি টেস্টে খেলেছেন ভরত। ব্যাট হাতে করেছেন ১২৯ রান। চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্টে দলে ছিলেন। ঈশান কিষাণ নাম প্রত্যাহার করে নেওয়ায় সুযোগ পান ভরত। কিন্তু প্রথম একাদশে সুযোগ মেলেনি সেঞ্চুরিয়ানে।
২০২৩ সালের ১২ জুলাই ভারতের ৩৬০তম ক্রিকেটার হিসাবে টেস্টে অভিষেক হয় ঈশান কিষাণের।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টেই উইকেটরক্ষকের ভূমিকা পালন করেন ঝাড়খণ্ডের এই তরুণ ক্রিকেটার। দুই টেস্টের তিন ইনিংসে করেছিলেন ৭৮ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক ঘটে ভারতীয় তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের। মূলত আইপিএল থেকেই ভারতীয় দলে সুযোগ পান যশস্বী। তৃতীয় ক্রিকেটার হিসাবে চলতি বছরে তাঁর টেস্ট অভিষেক ঘটে। ডোমিনিকাতে অভিষেক টেস্টেই ১৭১ রান করেন এই তরুণ ক্রিকেটার।
বাংলা দল থেকে ভারতীয় টেস্ট দলের প্রতিনিধির সংখ্যা বাড়ালেন মুকেশ কুমার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে আত্মপ্রকাশ করেন মুকেশ কুমার। অভিষেক ম্যাচে দুটি উইকেটও নেন বাংলার দলের এই ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে অভিষেক হল প্রসিদ্ধ কৃষ্ণের। এই টেস্টে শামির পরিবর্তে মুকেশ কুমার নাকি প্রসিদ্ধ কৃষ্ণ কাকে খেলানো হবে তা নিয়ে চর্চা ছিল ম্যাচের দিন পর্যন্ত।সীমিত ওভারের ক্রিকেটের পর এবার লাল বলের টেস্টেও জাতীয় দলে সুযোগ পেলেন প্রসিদ্ধ।












Click it and Unblock the Notifications