Year Ender 2023: বিশ্ব দরবারে জয়ধ্বজা ভারতীয় ক্রীড়াবিদদের, নয়া নজির, চলল রেকর্ডের ভাঙা-গড়াও
Year Ender 2023: চলতি বছর ক্রীড়াক্ষেত্রে দেখা গিয়েছে অনেক ভাঙা-গড়ার খেলা। দীর্ঘদিনের রেকর্ড বা নজির ভেঙে গিয়েছে। ব্যক্তিগত বা দলগত বিভাগে এসেছে উল্লেখযোগ্য সাফল্য।
ক্রিকেট থেকে ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স হোক বা এশিয়ান গেমস- নানাবিধ রেকর্ড ও নজিরের খতিয়ান এবার দেখে নেওয়া যাক একনজরে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বা ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে হেরে গেলেও এই বছরই আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বের ১ নম্বর দল হওয়ার গৌরব অর্জন করেছে ভারত। বিশ্বকাপ চলাকালীনই একদিনের আন্তর্জাতিকে সচিন তেন্ডুলকরের সর্বাধিক ৪৯টি শতরানের নজির ভেঙে ৫০তম ওডিআই শতরান করেছেন বিরাট কোহলি।
ব্যাডমিন্টনে ইতিহাস গড়েছেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। প্রথম ভারতীয় জুটি হিসেবে ইন্দোনেশিয়া ওপেনের পুরুষদের ডাবলস খেতাব জিতে। কমনওয়েলথ গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সাফল্য পেয়েছেন এই ভারতীয় শাটলাররা।
ফুটবলে ভারত এই নিয়ে ৯ বার সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল। চলতি বছরেই কুয়েতকে ফাইনালে হারিয়ে। অতিরিক্ত সময় অবধি খেলার ফল ছিল ১-১। টাইব্রেকারে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ভারত। হকিতে পুরুষদের দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জিতেছে। ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে ১-৩ গোলে পিছিয়ে থাকার পরেও দারুণভাবে কামব্যাক করে।
দাবায় ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দর কাছেও এই বছরটি স্মরণীয় হয়ে থাকল। ফিডে বিশ্বকাপের ফাইনালে তিনি উঠেছিলেন। ফ্যাবিয়ানো কারুয়ানাকে পরাস্ত করে। ফাইনালে শেষ হাসি অবশ্য হাসেন ম্যাগনাস কার্লসেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে নজির গড়েন নীরজ চোপড়া।
আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে দৃষ্টিহীন মহিলাদের ক্রিকেটে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে। এশিয়ান গেমসেও ভারত এবার সর্বকালীন সেরা সাফল্য পেয়েছে। মোট ১০৭টি পদক এসেছে ভারতের ঝুলিতে, যার ২০ শতাংশই এসেছে অ্যাথলেটিক্স থেকে। সবমিলিয়ে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিশ্ব-মঞ্চে দাপট দেখিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা।












Click it and Unblock the Notifications