India vs Bangladesh: রোহিত-বিরাটদের ব্যর্থতার মধ্যেই অর্ধশতরান যশস্বীর, গাভাসকরের রেকর্ড স্পর্শ করার সুযোগ
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ ভারতের টপ অর্ডার। বিরাট কোহলি থেকে রোহিত শর্মারা চূড়ান্ত ব্যর্থ হলেন। সেট হয়েও বড় রান করতে ব্যর্থ হলেন প্রত্যাবর্তনকারী ঋষভ পন্থ। তবে একমাত্র ব্যতিক্রম যশস্বী জয়সওয়াল। তরুণ এই ব্যাটার চিপকের মাটিতে লড়াই করলেন এবং ক্রিকেটপ্রেমীদের ফের একবার মন জিতে নিলেন।
রোহিত শর্মার সঙ্গে দিনের শুরুতে ওপেন করতে নামেন যশস্বী। কিন্তু উইকেটের অন্য প্রান্তে শুরু থেকেই ভাঙন ধরে। হাসান মাহমুদের বলে শুরু থেকেই বেকায়দায় পড়ে ভারতীয় দল। রোহিত শর্মা ৬, শুভমন গিল ০, বিরাট কোহলি ৬ রানে আউট হলেন। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। কিন্তু যশস্বীকে টলাতে পারেননি বাংলাদেশের বোলাররা।

তাঁর ১১৮ রানের ৫৬ রানের ইনিংসে ছিল ৯টি চার। শতরান করতে না পারলেও বিরাট-রোহিতদের ব্যর্থতার মধ্যেই মান বাঁচালেন দলের। টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই লড়াই চালিয়ে গেলেন। টেস্ট অভিষেকের পর থেকেই নজর কাড়ছেন যশস্বী। এখনও পর্যন্ত ১০ টেস্টের ১৭ ইনিংসে তিনটি শতরান, ৫টি অর্ধশতরান, ২টি দ্বিশতরান করেছেন।
বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে ৮ম বারের মতো ফিফটি প্লাস করেন যশস্বী জয়সওয়াল। সুনীল গাভাসকরের একটি রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে যশস্বীর সামনে।১০ টেস্টের পর, সুনীল গাভাসকারের ৯ ফিফটি প্লাস স্কোর ছিল। জয়সওয়ালের এখনও চেন্নাই টেস্টের আরও একটি ইনিংস আছে, যদি তিনি তাতেও ফিফটি প্লাস করেন, তাহলে তিনি সানির রেকর্ড স্পর্শ করতে পারবেন।
তবে ভারতের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। কেএল রাহুল বড় রান পেলেন না। ১৬ রানেই আউট হলেন তিনি। চা পানের বিরতিতে ভারতের রান ছিল ৬ উইকেটে ১৭৬। বাংলাদেশের টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত বেশ কার্যকরী হল। প্রথম ইনিংসে বড় রান না হলে চাপ বাড়বে ভারতীয় বোলারদের উপর।












Click it and Unblock the Notifications