Yash Dayal: রিঙ্কুর পাঁচ ছক্কায় অভিশপ্ত জীবন, বিদ্রুপে অসুস্থ মা! টেস্ট দলে সুযোগের পথ কতটা কঠিন ছিল যশের?
Yash Dayal: একটা ম্যাচ। সেটাই অভিশপ্ত জীবন কাটাতে বাধ্য করে যশ দয়ালের পরিবারকে। দলীপ ট্রফির পারফরম্যান্সের পর যশকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট দলে রেখেছেন নির্বাচকরা।
এই প্রথম যশ ভারতীয় টেস্ট দলে ডাক পেলেন। তবে অন্ধকার থেকে আলোয় ফেরার পথ কঠিন ছিল না যশ ও তাঁর পরিবারের পক্ষে। প্রয়াগরাজের বাড়িতে আজ স্বস্তির হাওয়া।

২০২৩ সালের আইপিএলে যশ দয়ালের শেষ ওভারে পরপর পাঁচটি ছয় মেরে কলকাতা নাইট রাইডার্সকে জেতান রিঙ্কু সিং। এরপর যশকে আর কোনও ম্যাচে খেলায়নি গুজরাত টাইটান্স। চলতি বছরের আইপিএলের আগে যশকে তারা ছেড়েও দিয়েছিল।
যশের বাবা চন্দ্রপাল দয়ালের কথায়, ওটা আমাদের কাছে যেন ছিল দুর্ঘটনা। যখনই বাড়ির সামনে দিয়ে স্কুলবাস যেত, তখনই পড়ুয়ারা বিদ্রুপ করতো রিঙ্কু সিং, রিঙ্কু সিং, ফাইভ সিক্সেস (পাঁচ ছক্কা) বলে। এই পরিস্থিতি আমাদের কাছে ছিল খুব বেদনার। খালি ভাবতাম, কেন আমাদের ছেলের সঙ্গে এমন হলো?
যশ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এই পরিস্থিতিতে তাঁর মা অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় যশকে স্টুয়ার্ট ব্রডের উদাহরণ দিয়ে বাবা বোঝাতেন, লক্ষ্য যখন দেশের হয়ে খেলা, তখন সেই লক্ষ্যপূরণের আগে থামলে চলবে না। যশকে বলা হয়েছিল, যুবরাজের কাছে ছয় বলে ছয় ছক্কা হজম করেও ব্রড অন্যতম সেরা সিমার হয়েছেন। তাই দেশের হয়ে খেলতে হবে।
দলীপ ট্রফিতে যশকে ভালো বল করতে দেখেই চন্দ্রপাল আত্নবিশ্বাসী হন যে, এবার ভারতীয় দলে ডাক আসতে পারে। সেটাই হয়েছে। বাবা হিসেবে অত্যন্ত গর্ব অনুভব করছেন। যশের কঠোর পরিশ্রমই তাঁকে এই জায়গায় আনল বলে মনে করেন চন্দ্রপাল। যশ প্রমাণ করলেন, ফোকাস ঠিক রাখলেই সাফল্য মেলে। প্রতিবন্ধকতা থামাতে পারে না।
যশের বাবাও ক্রিকেটার ছিলেন। তাঁর কথায়, "যশ ছোটবেলায় আমার খেলা দেখেছে। যশ অনূর্ধ্ব ১৯ বিভাগে উত্তরপ্রদেশের হয়ে খেলার সুযোগ না পেলেও ২০২৩ সালে অনূর্ধ্ব ২৩ দলে সুযোগ পায়। তারপর আর ফিরে তাকাতে হয়নি। রঞ্জি ট্রফি, আইপিএল খেলেছে। এবার ভারতীয় দলের হয়ে খেলে স্বপ্নপূরণের অপেক্ষা।"
যশের মা রাধা দয়াল বলেন, যশের ভারতীয় দলে সুযোগ মেলা অত্যন্ত আনন্দের। আমাদের কাছে বড় ব্যাপার। সকলে মিলে এটা সেলিব্রেট করছি। পরিবারের সকলে মিলে বাজি ফাটিয়েছি। ভাষায় আনন্দ প্রকাশ করতে পারছি না। কঠোর পরিশ্রমের সুফল মিলল। আমরা যশকে মোটিভেট করেছি, সব সময় ইতিবাচক থাকতে উৎসাহিত করেছি।












Click it and Unblock the Notifications